ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৫, ১৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:১৩, ১৩ এপ্রিল ২০২১

হেফাজতের সহিংসতার প্রতিবাদে পদত্যাগ করলেন নায়েবে আমির আব্দুল্লাহ

মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান

মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে হরতাল করে জ্বালাও-পোড়াও-ভাঙচুরের প্রতিবাদ করে হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি।

মঙ্গলবার (১৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধের বন্ধু ভারতের সরকারপ্রধান নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে মার্চের শেষ দুই সপ্তাহ ধরে বিক্ষোভ ও হরতালের নামে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত।

মোদির সফরের চার দিন আগে তারা সংবাদ সম্মেলন করে অঙ্গীকার করে রাজপথে কোনো কর্মসূচি থাকবে না। কিন্তু এ অঙ্গীকার মানেনি ধর্মভিত্তিক সংগঠনটি। মোদির সফরের সময় বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগ এনে ২৭ মার্চ হরতাল ডেকেছিল তারা। এই হরতালে পুরো দেশে ভাঙচুর করেছিলো হেফাজতের কর্মীরা। 

এছাড়াও পরে হেফাজতের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক রয়্যাল রিসোর্টে আটকা পড়েন এক নারীর সাথে। পরে সেই কেলেঙ্কারি সারাদেশে ভাইরাল হয়।

মামুনুল হকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগসহ নানা কারণ দেখিয়ে মাওলানা আব্দুল্লাহ হেফাজত ইসলামের নায়েবে আমিরের পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

উল্লেখ্য, এর আগে হরতালে সহিংসতায় ক্ষুব্ধ হয়ে সংগঠটির কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল আউয়াল হেফাজতে ইসলামের পদ ছাড়েন। এর দুই সপ্তাহ পর সংগঠনটির আরেক নায়েবে আমির পদ ছাড়ার ঘোষণা দিলেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়