ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ১৩ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৩৮, ১৩ এপ্রিল ২০২১

লকডাউনে চলাচল করবেন সাংবাদিকরা, লাগবে না `মুভমেন্ট পাস`

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ

লকডাউন চলাকালে জরুরি প্রয়োজনে বাইরে চলাচলের জন্য পুলিশের পক্ষ থেকে মুভমেন্ট পাসের যে ব্যবস্থা করা হয়েছে তা সাংবাদিকদের নিতে হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শুধুমাত্র যারা কাজের জন্য বাইরে বের হবেন তাদের এই পাস নিতে হবে বলে জানান তিনি।

পুলিশ প্রধান বলেন, যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতের জন্য অফিসিয়াল কিংবা জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’নেয়া লাগবে। তবে এ ক্ষেত্রে সাংবাদিকদের এই পাস নেয়া লাগবে না।

‘বিভিন্ন সড়কে, মোড়ে আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে তরুণরা কেউ বের হবে না। বের হতে হলে অবশ্যই দ্রুত ঘরে ফিরতে হবে।’

আইজিপি আরও বলেন, ‘আগামীকাল থেকে আপনাদের ঘরের বাইরে দেখতে চাই না। প্রয়োজনে ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে এবং বাইরে থেকে ঘরে ফিরে স্যানিটাইজার দিয়ে পরিষ্কার হবেন। আপনার মাধ্যমে যেন আপনার প্রিয়জন করোনাই সংক্রমিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

ড. বেনজীর আহমেদ বলেন, বাজার বা করোনার টিকার তারিখ থাকলে অতিপ্রয়োজনীয় কাজ থাকলেও বের হওয়া যাবে। এমনকি অ্যাম্বুলেন্সে রোগীর যাওয়ার প্রয়োজন হলেও মুভমেন্ট পাস লাগবে।

এর আগে গতকাল সোমবার (১২ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা মুভমেন্ট পাস এর বিষয়টি গণমাধ্যমকে জানান। 

তিনি জানান, সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে এ কার্যক্রম। জরুরি পণ্য পরিবহন, সেবাদানসহ ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস।

পুলিশ সুত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচা বাজার, ওষুধপত্র, চিকিৎসা চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহন ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয় পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে।

সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়