ঢাকা, সোমবার ২৪ আগস্ট ২০২৬,   ভাদ্র ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৭, ১৬ এপ্রিল ২০২১
আপডেট: ০০:৩৮, ১৬ এপ্রিল ২০২১

করোনার ২য় ডোজ টিকা নিয়েও আক্রান্ত ফজলে হোসেন বাদশা এমপি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য জননেতা কমরেড ফজলে হোসেন বাদশা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১৪ এপ্রিল ২০২১) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় তার দেহে করোনা শনাক্ত হয়।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শরীরে জ্বর অনুভব করে এমপি ফজলে হোসেন বাদশা বুধবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সন্ধ্যায় তাঁর করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

এরপর রাত ৯টার দিকে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে আছেন। দেবু আরও জানান, এমপি ফজলে হোসেন বাদশা শারীরিকভাবে ভাল আছেন। তাঁর পুরোপুরি সুস্থতার জন্য তিনি পার্টির পক্ষ থেকে সবার কাছে দোয়া চেয়েছেন।

দেশে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই সাধারণ মানুষের সচেতনতার জন্য কাজ করেছেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। সাধারণ মানুষের জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার নিয়ে নেমে পড়েন রাজশাহীর রাস্তায়। লকডাউন চলাকালে দিয়েছেন খাদ্য সহায়তাও। ফজলে হোসেন বাদশার প্রচেষ্টায় রাজশাহীতে চালু হয় দুটি নমুনা পরীক্ষার ল্যাব।

দেশে করোনার গণটিকা কার্যক্রম শুরুর প্রথম দিনই ৭ ফেব্রুয়ারি ফজলে হোসেন বাদশা রামেক হাসপাতালে গিয়ে টিকা নেন। তিনিই রাজশাহীতে প্রথম টিকা গ্রহণ করে এর উদ্বোধন করেন। সেদিন তিনি সবাইকে টিকা নেয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

গত ৮ এপ্রিল তিনি করোনার টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন। এর ছয়দিন পর তাঁর শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ল।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য জননেতা কমরেড ফজলে হোসেন বাদশার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করে তাঁর জন্য সকলের কাছে দোয়া চেয়ে সুস্থতা কামনা করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়