ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৯, ১১ মে ২০২১
আপডেট: ১৮:০৭, ১১ মে ২০২১

বৃহস্পতিবার থেকে ঈদের ছুটি, শেষ কর্মদিবস বুধবার

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। তাই বুধবারও চলবে সরকারি অফিস।

রমজান মাস ৩০ দিন ধরে সরকারি যে ছুটির তালিকা তৈরি করা হয়েছে, বিশেষ পরিস্থিতিতে সেটাই অনুসরণ করছে সরকার। মঙ্গলবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ শিবলী বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, পূর্বে দেয়া ঘোষণা অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের ছুটি বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মূলত করোনা সংক্রমণ পরিস্থিতিতে ২৯ রোজায় বিশেষভাবে অফিস খোলা রাখা হচ্ছে। কারণ ঈদের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের তো কর্মস্থলেই থাকতে হচ্ছে।

দীর্ঘদিন ধরে ঈদের ছুটির ক্ষেত্রে অনুসরণীয় নিয়ম হচ্ছে, ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিন ছুটি থাকে। রমজান মাস কখনো ২৯, কখনো ৩০ দিনে শেষ হয়ে থাকে। তাই ২৯ রমজান ধরেই ঈদের ছুটি দেয়া হয়। যদি রমজান মাস ৩০ দিনে শেষ হয় সেক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চারদিন ছুটি পেয়ে থাকেন। ৩০ রমজানের ক্ষেত্রে ঈদের আগে দু-দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন-এই চারদিন ছুটি থাকে।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ বহাল থাকবে আগামী ১৬ মে পর্যন্ত। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্দেশনা অনুযায়ী, জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি অফিস বন্ধ রয়েছে। সীমিত পরিসরে হয়েছে ব্যাংক লেনদেন। জেলার মধ্যে চলছে বাস। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ রয়েছে। বন্ধ আছে ট্রেন ও লঞ্চ। খোলা ছিল শিল্প-কারখানা। স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি-বেসরকারি চাকরিজীবীদের ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে থাকতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়