ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪০, ১১ মে ২০২১
আপডেট: ০০:৪৮, ১২ মে ২০২১

ঈদকে সামনে রেখে ৯ দিনেই ৮ হাজার কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা

সামনে ঈদ। প্রতিবছরই এমন সময়ে দেশে পরিবারের জন্য বিপুল পরিমাণ টাকা পাঠান প্রবাসী বাংলাদেশিরা। আর প্রবাসীদের এই রেমিট্যান্সে দেশে বৈদেশিক মুদ্রার পরিমান বেড়ে যায় ঈদের আগে। আর এই বছর ঈদকে সামনে রেখে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। প্রবাসীরা মে মাসের প্রথম ৯ দিনেই ৯১ কোটি ৯০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, করোনার মধ্যেও প্রবাসীরা রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠাচ্ছেন। চলতি মে মাসের প্রথম ৯ দিনেই তারা ৯১ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন।

তিনি বলেন, সব সময় ঈদের আগে প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠিয়ে থাকেন; তাদের আত্মীয়-স্বজনরা যেন দেশে স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন করতে পারেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এর আগে গত ৩ মে দিনশেষে প্রথমবারের মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ দশমিক ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। কেন্দ্রীয় ব্যাংকের এ রিজার্ভ দিয়ে আগামী ১২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছিল ৪৪ দশমিক শূন্য ২ বিলিয়ন বা চার হাজার ৪০২ কোটি ডলার।

২০২০ সালের ৩০ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ৪৩ বিলিয়ন ডলার, ১৫ ডিসেম্বর ৪২ মিলিয়ন এবং ২৮ অক্টোবর রিজার্ভ ৪১ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল।

সদ্য শেষ হওয়া এপ্রিল মাসে ২০৬ কোটি ৭০ লাখ (২ দশমিক শূন্য ৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের (২০২০ সাল) এপ্রিলের চেয়ে ৮৯ দশমিক ১১ শতাংশ বেশি। গত বছরের এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়