ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ১২ মে ২০২১
আপডেট: ১৯:০৭, ১২ মে ২০২১

১৫ দিনের রিমান্ডে মামুনুল হক

নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ ও সহিংসতার চারটিসহ মোট পাঁচ মামলায় হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের তিনদিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১২ মে) সকালে ভার্চুয়াল কোর্টে উভয় পক্ষের শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত রিমান্ড মঞ্জুর করেছেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোনারগাঁ থানায় ধর্ষণসহ হেফাজতের হরতালে সহিংসতার ঘটনার পাঁচ মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে ২ মে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে পুলিশ ও ডিবির পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার মামলায় ১০ দিন, রয়েল রিসোর্ট কাণ্ডের মামলায় ৭ দিন এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের মামলায় ৭ দিনসহ মোট ২৪দিন রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত আগামী ৯ মে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। সেদিনও মামুনুল হকের অন্য মামলার কার্যক্রম থাকায় রিমান্ড শুনানি ১২ মে নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, মাওলানা মামুনুল হককে গত ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়