ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

প্রকাশিত: ১৮:০২, ৪ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৮:১২, ৪ সেপ্টেম্বর ২০১৯

ঘরের মাটিতে বছরের একমাত্র টেস্ট

স্পোর্টস ডেস্ক : কাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের সাথে বাংলাদেশের টেস্ট।

তবে আপনি হয়তো খেয়াল করেননি, আফগানিস্তান টেস্ট নিয়ে সাধারণ্যে খুব একটা আগ্রহ নাও থাকতে পারে। একে তো টেস্ট ক্রিকেটের নবীনতম সদস্যের বিপক্ষে ম্যাচ, তাও আবার একটি টেস্ট মাত্র। সেটিও আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে।

বাংলাদেশের ক্রিকেটের যারা নিয়মিত খোঁজখবর রাখেন, তাদেরও চোখ এড়িয়ে যেতে পারে ব্যাপারটা।

প্রায় আট মাস পর দেশের মাটিতে আবারও আন্তর্জাতিক ক্রিকেট গড়াচ্ছে। আর এটাই এই বছরের ঘরের মাটিতে বাংলাদেশের একমাত্র টেস্ট! এই ম্যাচের ওপর এখন নিশ্চয় আপনাকে চোখ রাখতেই হবে।

আফগানিস্তান বলে একটু হালকা ঢিলেঢালা ভাব আপনার থাকতে পারে, তবে বাংলাদেশ দলের মোটেই তা নেই। নতুন কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ শার্ল ল্যাঙ্গেফেল্ট দায়িত্ব নেওয়ার পর সপ্তাহ দুয়েক হয়ে গেছে। এর মধ্যেই নিবিড় কিছু নেট সেশন হয়েছে বাংলাদেশের, দুই দিনের একটা অনুশীলন ম্যাচও খেলেছে। সর্বশেষ সেই ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের পর বড় দৈর্ঘ্যের ম্যাচ খেলার সুযোগ হয়নি কারও, সেই হিসেবেও এই টেস্ট বাড়তি প্রস্তুতি দাবি করে। সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে বলেছেন, দলের সবাই নিজেদের সেরা প্রস্তুতি নিয়েই এসেছেন। এখন বাকিটা মাঠে দেখানোর পালা।

একটাই হয়তো খুঁতখুঁত করতে পারে সাকিবের মনে, সেটা অবশ্যই উইকেট। এই টেস্ট শুরুর কিছুদিন আগে পেস বোলারদের জন্য কিছু থাকতে পারে উইকেটে, এমন একটা ধুয়া উঠেছিল। তবে চট্টগ্রামে আসতে না আসতে সেটা প্রায় উধাও। এমনিতেই পেসারদের ফিটনেস নিয়ে প্রশ্ন আছে, কোচ ও পেস বোলিং কোচও ঠিক সন্তুষ্ট নন তাদের দিয়ে। কিন্তু স্পিনিং ট্র্যাক বানিয়ে যদি আবার নিজেদের ফাঁদেই যদি পড়া হয়? রশিদ খান, জাহির খানরা তো এর মধ্যে নিজেদের সামর্থ্য জানান দিয়ে রেখেছেন। সাকিবও নিশ্চয় সেটা জানেন, সেভাবে হয়তো ছকও কষেছেন।

চট্টগ্রামের উইকেট নিয়েও একটু অস্বস্তি থাকতে পারে। এমনিই চট্টগ্রামের উইকেট মিরপুরের মতো অত টার্নিং ট্র্যাক হয় না, অনুমান করাও বেশ কঠিন। সাকিব যিওদি জানেনও উইকেট কেমন, চূড়ান্ত কিছু বলার জন্য খেলা পর্যন্ত অপেক্ষা করতে বললেন। রশিদ খান অবশ্য মজা করে বললেন, উইকেটে বনবন করে বল ঘুরতে থাকবে। তবে দুই অধিনায়কই নিজেদের স্পিনে শাণ দেওয়ার জন্য সম্ভবত মানসিকভাবে তৈরি।

তবে আজ সংবাদ সম্মেলনে পারস্পতিক শ্রদ্ধাবোধের অভাব হলো না। আফগানিস্তানকে কোনো অবস্থায় খাটো করে দেখার সুযোগ নেই, সাকিব সেটা বললেন। কোচ অ্যান্ডি মোলসের মতো রশিদ নিজেদের আন্ডারডগ বললেন না বটে, তবে দেশের মাটিতে বাংলাদেশের রেকর্ড তার ভালোমতোই জানা। স্পিন নিয়ে কথা বললেও দুজনের সুর একই, ব্যাটিংটাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেবে ম্যাচের।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়