ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ১৬ মে ২০২১
আপডেট: ২৩:৪২, ১৬ মে ২০২১

বাড়ি যাওয়াদের ১৪ দিন পর ঢাকায় ফিরতে অনুরোধ

পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে যারা গ্রামের বাড়িতে গেছেন তাদের ১৪ দিন পর ঢাকায় ফেরার অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (১৬ মে) ভার্চুয়াল বিফ্রিংয়ে অধিদফতরের মুখপাত্র নাজমুল ইসলাম সবাইকে এ অনুরোধ জানান।

তিনি বলেন, এবারের ঈদে নিজ নিজ অবস্থান ছেড়ে বাইরে না যেতে সরকার পরামর্শ দিয়েছিল। কিন্তু বড় সংখ্যক মানুষ এ পরামর্শ উপেক্ষা করে নানাভাবে গ্রামের বাড়ি ফেরার চেষ্টা করেছেন। সেখানে কিছু মর্মান্তিক দৃশ্য দেখেছি। এখনো অফিস খোলেনি। স্কুল-কলেজে দেরি করে ফিরলেও কোনো ক্ষতি হচ্ছে না। বাড়ি যাওয়া লোকেরা অন্তত সাত থেকে ১৪ দিন দেরি করে ঢাকায় ফিরে আসুন।

তিনি আরো বলেন, এরই মধ্যে যাদের শরীরে করোনার উপসর্গ দেখা গেছে তারা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষা অবশ্যই করাবেন। ফিরে আসার সময় শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। 

নাজমুল ইসলাম বলেন, ভারত থেকে আসা কেউ কেউ আইন অমান্য করে পালিয়ে গেছেন। এ কাজ করা উচিত নয়। এতে অন্যের জীবন ঝুঁকির মুখে পড়ে। আমরা জেনেশুনে যেন নিজের দেশের ক্ষতি না করি।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র বলেন, ভারত থেকে আসা লোকদের আমরা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখেছি। উপসর্গ আছে এমন লোকদের নিয়মিত পরীক্ষা করছি। গত মাসের শেষ সপ্তাহে পরীক্ষার মাধ্যমে যাদের মধ্যে পজিটিভ পাওয়া গিয়েছিল, তাদের জিনোম সিকোয়েন্সের মাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের বিষয়টি আমরা চিহ্নিত করতে পেরেছি।

তিনি আরো বলেন, ভারত থেকে আসা লোকদের কঠোর কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। যাদের ১৪ দিন হচ্ছে তাদের পরীক্ষা করে ছাড়পত্র দেয়া হচ্ছে। ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্তদের মধ্যে পাঁচজন একদম সুস্থ। তাদের সংস্পর্শে যারা এসেছিল, সেখানেও আমরা কোনো সংক্রমিত রোগী পাইনি। এখন পর্যন্ত ছয়টি ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। নতুন করে আরো জিনোম সিকোয়েন্স হচ্ছে, নতুন ভ্যারিয়েন্ট পেলে আমরা জানাবো।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়