ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২০, ১৭ মে ২০২১
আপডেট: ২২:৪৫, ১৭ মে ২০২১

দেশে করোনার চারটি ধরন শনাক্ত

দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের চারটি ধরন বা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর জানিয়েছে, ২০০ কোভিড-১৯ রোগীর নমুনার জিনোম সিকোয়েন্সিং করে চারটি ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যায়।

ধরনগুলো হলো- ইউকে ধরন (বি.১.১.৭), দক্ষিণ আফ্রিকার ধরন (বি.১.৩৫১), নাইজেরিয়ার ধরন (বি.১.৫২৫) ও ভারতীয় ধরন (বি.১.৬১৭.২)।

সম্প্রতি আইইডিসিআর, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)  ও ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভস (আইদেশি) যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে। 

এতে বলা হয়েছে, এপ্রিলে ভারত থেকে আসা ২৬ সম্ভাব্য কোভিড-১৯ রোগীর নমুনা পরীক্ষা করে ছয়জনের নমুনায় ভারতীয় ধরন শনাক্ত হয়। এ ধরনকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) ভ্যারিয়েন্ট অব কনসার্ন (ভিওসি) হিসেবে ঘোষণা দিয়েছে। ভারতীয় এ ধরন বিশ্বের ৪৪টি দেশে শনাক্ত হয়েছে।

আক্রান্ত ছয়জন রোগী ভারতের চেন্নাই, বেঙ্গালুরু, হরিয়ানা ও পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য ভ্রমণ করেছিলেন বলে জানানো হয়। তারা একই পরিবারের সদস্য এবং তাদের বয়স ৭ থেকে ৭৫ এর মধ্যে।

আইইডিসিআর বলছে, ভারতীয় ধরনের সিকোয়েন্স বৈশ্বিক ডেটাবেইস জিআইএসএআইডিতে এরই মধ্যে জমা দেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়