আপডেট: ১৭:৩৬, ৭ সেপ্টেম্বর ২০১৯
ভারতের রাষ্ট্রপতির বিমানযাত্রা আটকে দিল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক. ভারতের রাষ্ট্রপতিকে আকাশসীমা ব্যবহার করতে দিবে না পাকিস্তান।
সম্প্রতি আইসল্যান্ড-সহ একাধিক দেশ সফরে যাচ্ছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর বিমানকে পাক আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছিল নয়াদিল্লি। কিন্তু ওই অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি শনিবার এ কথা ঘোষণা করেছেন বলে জানিয়েছে পাকিস্তানের ডন পত্রিকা।
পাকিস্তানি টেলিভিশন চ্যানেল পিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী কোরেশি জানিয়েছেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণের ওপর ভারত সরকারের চলমান নিপীড়নের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। কাশ্মীরে ভারত সরকার ‘বর্বরতা’ চালাচ্ছে অভিযোগ করে কোরেশি বলেন, বিষয়টিকে তাঁরা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল পর্যন্ত নিয়ে যাওয়ারও চিন্তা-ভাবনা করছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীর নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তের বিষয়ে পাকিস্তান যথেষ্ট ‘ধৈর্য’ দেখিয়েছে। কিন্তু কাশ্মীরের জনগণকে তাঁদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে ভারত সরকার একগুঁয়েমির পরিচয় দিচ্ছে। ভারতের পদক্ষেপের কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে পাকিস্তান। তিনি বলেন, ‘এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা ভারতীয় প্রেসিডেন্টকে আমাদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পুলওয়ামা হামলার থেকেই তপ্ত হয়ে উঠেছিল ভারত-পাকিস্তান কূটনীতি। তার পর যত সময় গিয়েছে ততই দু’দেশের কূটনৈতিক সম্পর্কের শীতলতা বেড়েছে। সাম্প্রতিক কালে জম্মু-কাশ্মীর নিয়ে দু’দেশের তিক্ততা যেন চরম পর্যায়ে পৌঁছেছে। কূটনৈতিক সম্পর্ক ভিন্ন খাতে বইছে জেনেও, রামনাথ কোবিন্দের সফরে পাক আকাশসীমা ব্যবহারের জন্য ইসলামাবাদকে অনুরোধ করেছিল নয়াদিল্লি।
কিন্তু, তাতে সাড়া দেননি ইমরান খান সরকার। বরং, তাঁরা যে তিক্ততা জিইয়ে রাখতেই আগ্রহী তা স্পষ্ট হয়ে গিয়েছে পাক বিদেশমন্ত্রীর বিবৃতিতেই। পাক সংবাদমাধ্যম ডন-এর দাবি, ভারতের এই অনুরোধ খারিজের কারণ হিসাবে জম্মু-কাশ্মীরকেই সামনে রাখছে ইসলামাবাদ।
আগামী ৯ সেপ্টেম্বর নয় দিনের জন্য আইসল্যান্ড, সুইৎজারল্যান্ড ও স্লোভেনিয়া সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সেই আলোচনায় উঠে আসতে পারে ভারতে পুলওয়ামার মতো সন্ত্রাসবাদী হামলার কথা। সেই বিষয়টিও ইসলামাবাদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
পুলওয়ামা হামলার পর, গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে প্রত্যাঘাত করে ভারতীয় বায়ুসেনা। তার পর থেকে ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। গত মার্চে অবশ্য তা আংশিক ভাবে খোলা হয়েছিল। কিন্তু, জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের পদক্ষেপের পর থেকে বেজায় ক্ষুব্ধ ইমরান সরকার। তার পর থেকে নয়াদিল্লির জন্য বন্ধ রয়েছে সে দেশের আকাশসীমা। সৌজন্যের খাতিরেও সে দরজা খুলতে নারাজ পাকিস্তান।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























