ঢাকা, রোববার ২৩ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২৩ জুন ২০২১
আপডেট: ০০:২০, ২৪ জুন ২০২১

শুক্রবারের পর বাড়তে পারে বৃষ্টি

দেশে গত দুই দিনে বৃষ্টিপাতের পরিমাণ কমেছে। ফলে বেড়েছে রোদের তীব্রতা। তবে এই অবস্থা বেশিদিন থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবারের (২৫ জুন) পর ফের বৃষ্টিপাত বাড়তে পারে।

বুধবার (২৩ জুন) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ আরিফ হোসেন গণমাধ্যমকে জানান, ‘গত দুই দিন তুলনামূলক কম বৃষ্টিপাত হয়েছে। ২৩, ২৪ ও ২৫ জুন মোটামুটি একই রকম থাকতে পারে। ২৫ জুন রাত থেকে বা ২৬ জুন থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে।’

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত হলেও তা পরিমাণে ছিল কম। তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে ৩৫ মিলিমিটার। আর ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ২৪ মিলিমিটার।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়