ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩, ৪ জুলাই ২০২১
আপডেট: ১২:১৫, ৪ জুলাই ২০২১

লকডাউনের চতুর্থ দিন: সড়কে বেড়ে গেছে গাড়ি, চেকপোস্টে লম্বা লাইন

সাতদিনের বিধিনিষেধে আগের তিনদিন রাজধানীর সড়কে মানুষের সংখ্যা কম হলেও আজ চতুর্থ দিন সকাল থেকে বেড়েছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে পথচারী ও নানা প্রয়োজনে বের হওয়া নগরবাসীর চলাচলও। কোনো কোনো চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন স্থানে দেখা যায় যৌক্তিক কারণ দেখাতে না পারা ব্যক্তিগত গাড়িগুলোকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, চলমান লকডাউনে ব্যক্তিগত গাড়ি রাস্তায় চলার কোনো সুযোগ নেই। তবে প্রতিষ্ঠানের নামে থাকা গাড়িগুলো রাস্তায় চলতে পারবে।

রাজধানীর সাত মসজিদ রোড, মিরপুর রোড ও গাবতলী চেকপোস্ট ঘুরে দেখা যায়, রাসেল স্কয়ার, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, কল্যাণপুর, টেকনিক্যাল মোড় ও গাবতলী চেকপোস্টে গাড়ির ব্যাপক জটলা। এসব চেকপোস্টে প্রত্যেকটা গাড়ি থামানো হচ্ছে। অপ্রয়োজনে বের হওয়া গাড়িগুলোকে মামলাও দেয়া হচ্ছে।

সকালে রাজধানীর বিভিন্ন সড়কে এ চিত্র দেখা গেছে। ২০০ মিটার থেকে শুরু করে কোনো কোনো চেকপোস্টে গাড়ির এক কিলোমিটার দীর্ঘ সারিও দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর হয়েছে আগের চেয়ে বেশি।

বিভিন্ন স্থানে চেকপোস্টগুলোতে মানুষকে বিভিন্ন অজুহাতও দিতে দেখা গেছে। দেখা গেছে চিকিৎসকের ব্যক্তিগত গাড়িতে তার পরিবারের লোকজন যাতায়াত করছেন, বিজিএমইএর দেয়া অনুমতিপত্রের সাথে গাড়ির নম্বরের মিল নেই, প্রতিষ্ঠানের কর্মী পরিবহনের গাড়ি না হওয়ার পরও বলা হচ্ছে কর্মী পরিবহনে নিয়োজিত, জরুরি সেবার কথা বলে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করাসহ নানা বাহানায় রাস্তায় গাড়ি চলাচল করছে। এসব গাড়িকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে পুলিশ।

এছাড়া পায়ে হেঁটে বা রিকশায় বিনা কারণে ঘোরাঘুরি বন্ধ করতেও তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লকডাউনের প্রথম দিন থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর বিভিন্ন স্পটে অভিযান চালাচ্ছেন। এসময় জরিমানাসহ গ্রেপ্তারও করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল শনিবার (৩ জুলাই) অকারণে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সড়ক পরিবহন আইন অনুসারে জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে ৩৪৬ জনকে এক লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়। বিস্তারিত...

করোনাভাইরাসের আপডেট

সারা বিশ্বের আপডেট: আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৯৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮১৯ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৯ লাখ ৮৬ হাজার ৮৯৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৮ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৫৯০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ৮৫ লাখ ৯৮ হাজার ৮৮৫ জন। বিস্তারিত...

বাংলাদেশের আপডেট: গতকাল শনিবারের (৩ জুলাই) আপডেট অনুযায়ী, বাংলাদেশে গত ২৪ঘণ্টায় করোনাভাইরাসে মারা গেছেন আরও ১৩৪ জন, যা মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। একদিনে শনাক্ত হয়েছেন ৬ হাজার ২১৪ জন। শনাক্তের হার ২৭.৩৯ শতাংশ। মোট শনাক্ত ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। মোট মারা গেলেন ১৪ হাজার ৯১২ জন। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়