ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৩, ১২ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৩৪, ১২ আগস্ট ২০২১

১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে গণপরিবহন

আগামী ১৯ আগস্ট থেকে পুরোদমে চলবে বাস, ট্রেন ও লঞ্চ। অর্ধেক আসনে খোলা যাবে পর্যটন, বিনোদন কেন্দ্র ও কমিউনিটি সেন্টারগুলো। বৃহস্পতিবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার ওই প্রজ্ঞাপনে করোনাভাইরাসের বিস্তার রোধে বেশ কিছু বিধিনিষেধের কথা বলা হয়েছে। এতে বলা হয়, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে সড়ক, রেল ও নৌপথে সকল প্রকার গণপরিবহন চলাচল করতে পারবে।

এছাড়াও পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যার শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃ প্রণীত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল নিয়ন্ত্রণে বাংলাদেশে সর্বশেষ যে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল সেটা শিথিল করে গত ৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। সে অনুযায়ী ১১ আগস্ট থেকে কিছু শর্ত মেনে গণপরিবহন চলাচল শুরু হয়েছে। খুলেছে শপিংমল সহ অন্যান্য দোকানপাটও।

তবে শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বা বিনোদনকেন্দ্রগুলো খোলার বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এবার শর্তসাপেক্ষে পর্যটন, কমিউনিটি সেন্টার ও বিনোদনকেন্দ্র খোলার অনুমতি দেওয়া হল।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়