ঢাকা, সোমবার   ২০ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২০:০২, ২৭ ডিসেম্বর ২০২৫

রাজনীতিতে নতুন মোড়: এনসিপি ছাড়লেন তাসনিম জারা

তাসনিম জারা (ফাইল ছবি)

তাসনিম জারা (ফাইল ছবি)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, ‘প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের ও দেশের সেবা করার স্বপ্ন ছিল আমার। কিন্তু বর্তমান বাস্তবতায় আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও লেখেন, ‘আপনাদের এবং দেশের মানুষের কাছে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়তে এবং আপনাদের জন্য লড়ব। পরিস্থিতি যাই হোক না কেন, আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। সে কারণেই এই নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তাসনিম জারা। তিনি বলেন, ‘একটি দলের প্রার্থী হলে স্থানীয় অফিস, সুসংগঠিত কর্মীবাহিনী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগের সুবিধা থাকে। কিন্তু আমি যেহেতু কোনো দলের সঙ্গে নেই, তাই এসব সুযোগ আমার থাকবে না। আমার একমাত্র ভরসা আপনারা। আপনাদের মেয়ে হিসেবে আমার সততা, নিষ্ঠা এবং নতুন রাজনীতি করার অদম্য ইচ্ছার প্রতি বিশ্বাস রেখে যদি আপনারা সমর্থন দেন, তবেই আমি আপনাদের সেবা করার সুযোগ পাব।’

এ সময় স্বেচ্ছাসেবকদের সহায়তা চেয়ে তিনি জানান, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে ঢাকা-৯ আসনের অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। আগামীকাল থেকেই এই স্বাক্ষর সংগ্রহ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

তাসনিম জারা লেখেন, ‘মাত্র এক দিনে এত বিপুল সংখ্যক স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব। আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। যারা বসার জায়গা দিতে বা স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করতে চান, অনুগ্রহ করে এই গ্রুপে যুক্ত হন। আপনাদের নির্দিষ্ট সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।’

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়