Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪০, ৬ মার্চ ২০২৬

ব্রিটিশ নাগরিক বাংলাদেশে ভ্রমণে শ্রীলঙ্কার এনওসি দিতে হবে!

ছবি: আই নিউজ

ছবি: আই নিউজ

বাংলাদেশে আসতে গিয়ে ভিসা আবেদন প্রক্রিয়ার জটিলতা ও অদ্ভুত কিছু নিয়ম নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট আরিফ জেবতিক। নিজের ফেসবুক পোস্টে তিনি দুই ব্রিটিশ সাংবাদিক বন্ধুর ভিসা আবেদন করতে গিয়ে হওয়া বিব্রতকর ও হাস্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

আরিফ জেবতিক লেখেন, তাঁর দুই ব্রিটিশ সাংবাদিক বন্ধু বাংলাদেশে আসার জন্য ভিসার আবেদন করছিলেন। তিনি তখন তাঁদের অফিসে উপস্থিত ছিলেন। কিন্তু আবেদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ দেখে তাঁর নিজেরও বিস্মিত হতে হয়।

তিনি জানান, ভিসা আবেদন ফর্মের প্রতিটি পৃষ্ঠায় নতুন নতুন জটিলতা ও অদ্ভুত নির্দেশনা দেখে তাঁর বন্ধুরা বারবার হাসিতে ফেটে পড়ছিলেন। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, প্রয়োজনীয় কাগজপত্রের চেকলিস্টে ‘শ্রীলঙ্কান হাই কমিশন থেকে এনওসি’ (নো অবজেকশন সার্টিফিকেট) জমা দেওয়ার কথা উল্লেখ ছিল।

এ বিষয়ে এক ব্রিটিশ সাংবাদিক বিস্ময় প্রকাশ করে বলেন, তিনি একজন ব্রিটিশ নাগরিক হয়ে বাংলাদেশে ভ্রমণে যাবেন—তাহলে কেন তাঁকে শ্রীলঙ্কা থেকে এনওসি নিতে হবে? তালিকায় কোথাও উল্লেখও নেই যে এটি কেবল শ্রীলঙ্কান নাগরিকদের জন্য প্রযোজ্য। ফলে বিষয়টি নিয়ে তারা দ্বিধায় পড়ে যান।

পরে ভিসা আবেদনের আরেকটি ধাপে গিয়ে তাঁরা নতুন বিভ্রান্তির মুখে পড়েন। সেখানে ‘এফএম’ ও ‘আইসিপি’ শব্দ দুটি উল্লেখ থাকলেও সেগুলোর অর্থ বা কার জন্য প্রযোজ্য—এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছিল না।

এছাড়া ভিসা ফি জমা দেওয়ার প্রক্রিয়াও তাঁদের কাছে জটিল মনে হয়েছে। আবেদনকারীরা অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধের সুযোগ খুঁজলেও সেখানে ‘চালান’ জমা দেওয়ার কথা বলা ছিল। ‘চালান’ কী—এ বিষয়টিও তাঁদের কাছে পরিষ্কার ছিল না।

আরিফ জেবতিক আরও জানান, তাঁর আরেক বন্ধু ভিসা আবেদনের সময় ছবি আপলোড করতে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হন। ছবি আপলোডের সঙ্গে সঙ্গে আবেদনপত্রের ওয়েবপেজ ক্র্যাশ করে যায় এবং কয়েকবার চেষ্টা করেও তিনি সফল হননি।

এই অভিজ্ঞতার কথা তুলে ধরে আরিফ জেবতিক মন্তব্য করেন, বাংলাদেশে বিদেশি পর্যটক কম আসার পেছনে এমন জটিল ও বিভ্রান্তিকর ভিসা আবেদন প্রক্রিয়াও একটি বড় কারণ হতে পারে। তাঁর মতে, আন্তর্জাতিক মানের সহজ ও ব্যবহারবান্ধব ব্যবস্থা না থাকলে বিদেশিদের জন্য এ ধরনের প্রক্রিয়া নিরুৎসাহজনক হয়ে ওঠে।

তিনি বলেন, বিদেশিদের বাংলাদেশে আকৃষ্ট করতে হলে ভিসা আবেদন পদ্ধতিকে আরও সহজ, স্বচ্ছ এবং প্রযুক্তিনির্ভর করার বিকল্প নেই।

ইএন/এসএইচএ

Green Tea
সোশ্যাল মিডিয়া বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়