ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

প্রকাশিত: ০৫:১৭, ২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:১৭, ২ সেপ্টেম্বর ২০১৯

বেলের গোলে পয়েন্ট বাঁচল রিয়ালের

স্পোর্টস ডেস্ক: দুই গোল করে রিয়াল মাদ্রিদের হার এড়ালেন বেল। শেষদিকে আবার লালকার্ড পেয়ে মাঠও ছাড়তে হলো তাঁকে। রিয়াল মাদ্রিদে আর কতদিন থাকতে পারবেন, এমন প্রশ্নের উত্তর খুঁজতে থাকা গ্যারেথ বেলকে রবিবার (১ সেপ্টেম্বর) রাতের লা লিগায় খুঁজে পাওয়া গেল এভাবে।

বেলের দুই গোলেই শেষ পর্যন্ত ভিয়ারিয়ালের মাঠে  ২-২ গোলে ড্র করেছে জিদানের দল।

এর ফলে লিগে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল রিয়াল। তবে হারাতে হয়নি কোনো পয়েন্ট। সেল্টা ভিগোকে ৩-১ গোলে হারিয়ে লিগ শুরু করা জিদানের দল গত সপ্তাহে রিয়াল ভাইয়াদলিদের সঙ্গে ঘরের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছিল।

রিয়াল এদিন ১২তম মিনিটে প্রথম গোল হজম করে। জেরার্দ মোরেনো গোলটি করেন। বিরতির ঠিক আগে রিয়ালকে সমতায় ফেরান ওয়েলসের ফরোয়ার্ড বেল। ৭৫তম মিনিটে আবারও গোল খেয়ে বসে তারা। এবার গোলদাতা স্প্যানিশ মিডফিল্ডার মোই গোমেজ।

৮৬তম মিনিটে হার এড়ানো গোলের দেখা পায় রিয়াল। লুকা মদ্রিচের পাস ডি-বক্সে পেয়ে একজনকে কাটিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল।

বেল মাঠ ছাড়েন যোগ করা সময়ে। দুই মিনিটের মধ্যে দুবার ফাউল করে দুটি হলুদ কার্ড দেখেন তিনি।তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

শনিবার (৩১ আগস্ট) ওসাসুনার মাঠে ২-২ গোলে ড্র করা বার্সেলোনার পয়েন্ট ৪। তারা আছে ৮ নম্বরে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ