Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৫ এপ্রিল ২০২৬,   চৈত্র ২২ ১৪৩২

প্রকাশিত: ১০:২৫, ১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১০:২৬, ১ সেপ্টেম্বর ২০১৯

এক সপ্তাহের মধ্যে শহীদ জিয়ার নাম পুনঃস্থাপনের আল্টিমেটাম

মৌলভীবাজার: মৌলভীবাজার সরকারি কলেজের শহীদ জিয়া অডিটোরিয়ামের ‘শহীদ জিয়া’ নাম অপসারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা। এরই সাথে আগামী এক সপ্তাহের মধ্যে শহীদ জিয়া নাম পুনঃস্থাপনের আল্টিমেটাম দিয়েছে বিএনপি।

রোববার সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপির এক সংবাদ সম্মেলন থেকে এই আল্টিমেটাম দেন বিএনপির জেলা সভাপতি সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এম নাসের রহমান বলেন, ১৯৯৫ সালে সিলেট বিভাগের উন্নয়নের রূপকার সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বিশেষ বরাদ্ধ দিয়ে এই অডিটোরিয়ামের কাজ শুরু করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এসে এর কাজ বন্ধ করে দিয়েছিল। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় আসলে এর কাজ সম্পূর্ন করে এর নাম রাখা হয় শহীদ জিয়া অডিটোরিয়াম। বাংলাদেশের বহু নামিদামি কলেজের যখন নিজস্ব অডিটোরিয়াম ছিল না তখন মৌলভীবাজার সরকারি কলেজের এই অডিটোরিয়াম করা হয়েছিল। এটা এই কলেজের একটা ঐতিহ্য।

তিনি বলেন, গত সাড়ে ১০ বছর আওয়ামীলীগ ক্ষমতায় থাকাবস্থায় এই অডিটোরিয়ামের নাম পরিবর্তন কিংবা অপসারণের কোনো সাহস দেখায়নি। এখন কোনো কারণ ছাড়া ছাত্রলীগ নেক্কারজনকভাবে উল্লাসের সাথে জিয়ার নাম ফল ভেঙে নতুন নামকরণ করার চেষ্টা করছে। যা অত্যন্ত নিন্দনীয়।

এসময় ছাত্রলীগকে উদ্দেশ্য করে নাসের রহমান বলেন, আজ আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলে তারা অন্য দলের শ্রদ্ধেয় নেতার নাম ভেঙে ফেলছেন। কাল তারা ক্ষমতায় না থাকলে তাদের দলের শ্রদ্ধেয় মরহুম নেতার (বঙ্গবন্ধু) নাম কেউ মুছে ফেললে তখন তারা কী করবে? তারা যে ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করেছে তা দেশের সুষ্ঠু রাজনীতির একটি কলঙ্কজনক উদাহরণ।

আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে অডিটোরিয়ামে শহীদ জিয়ার নামফলক পুনঃস্থাপন করার দাবি জানিয়ে তিনি বলেন, এই ঘটনার সাথে যারা জড়িত রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার অপরাধে তাদের বিরুদ্ধে কলেজ কর্তৃক মামলা করার দবি জানাচ্ছি। এরই সাথে যদি শহীদ জিয়ার নাম পুনঃস্থাপন করা না হয় তাহলে বিএনপি নিজ উদ্যোগে তা করার ব্যবস্থা নিবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র সহসভাপতি ফয়জুল করিম ময়ুন, সহসভাপতি ওয়ালী সিদ্দিকী,আব্দুল মুকিত, মোয়াজ্জেম হোসেন মাতুক, আসিক মোসাররফ, সংগঠনিক সম্পাদক বকশি মিছবাউর রহমান, আব্দুল মতিন, যুগ্ন সম্পাদক হেলু মিয়া, প্রচার সম্পাদক এম ইদ্রিস আলীসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদলের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বিএনপি, যুবদল ও ছাত্রদল পৃথক র‌্যালী করে প্রেসক্লাবে মোড়ে বনফুল কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।

আরডি/ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়