Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪২, ১৬ মার্চ ২০২৬

র‍্যাব বিলুপ্তি চাইলো ৯ আন্তর্জাতিক সংগঠন

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্তির আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন।

সোমবার (১৬ মার্চ) হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ফর্টিফাই রাইটস, আর্টিকেল নাইনটিন, সিপিজে (কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস), সিভিকাসসহ মোট ৯টি সংগঠন প্রধানমন্ত্রীর দপ্তরে এই চিঠি পাঠায়। একই সঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন বিএনপি সরকারের সামনে বর্তমানে নানা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর মতে, এই সময়টি বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় দীর্ঘমেয়াদি সংস্কার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

সংগঠনগুলো উল্লেখ করে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছিল। তার পতনের পর এ ধরনের ঘটনার সংখ্যা কিছুটা কমলেও অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক প্রতিপক্ষকে ইচ্ছামতো আটক, সাংবাদিকদের ওপর হামলা, ধর্মীয় সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণের মতো ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠনের আহ্বানও জানিয়েছে সংগঠনগুলো।

এ ছাড়া মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ গ্রহণ ও আইনগত সংস্কার বাস্তবায়নের জন্য কয়েকটি নির্দিষ্ট সুপারিশও তুলে ধরা হয়েছে চিঠিতে।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়