ঢাকা, বুধবার ২৪ জুন ২০২৬,   আষাঢ় ১০ ১৪৩৩

প্রকাশিত: ১০:০৭, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১০:০৭, ৭ সেপ্টেম্বর ২০১৯

জাপাতে কী হচ্ছে তা আমাদের দেখার বিষয় নয় : কাদের

আইনিউজ ডেস্ক: জাতীয় পার্টি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়, তাই নেতৃত্ব নিয়ে তাদের দলে কী হচ্ছে সেটা আওয়ামী লীগের দেখার বিষয় নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নেতৃত্ব নিয়ে জাতীয় পার্টিতে টানাপোড়েনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, 'জাতীয় পার্টি তো আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নয়। তাদের বিষয়ে আমাদের করণীয় কিছু নেই।'

তবে বিরোধী দলের মধ্যে ঐক্যের কথা উল্লেখ করে তিনি বলেন, 'আমরা চাই সব বিরোধী দল ঐক্যবদ্ধ থাকুক'।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘উপজেলা পরিষদের নির্বাচনে যারা বিদ্রোহী ছিল, তাদের শোকজ করার সিদ্ধান্ত আগে থেকেই ছিল। আজকে সেটা বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে দ্রুত করা যায়, সেটা আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘আগামীকাল থেকে ১৫০ এর মতো শোকজ নোটিশ ইস্যু হবে। শোকজের জবাবের জন্য তিন সপ্তাহ সময় দেওয়া হবে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের যে সকল এমপি-মন্ত্রী মদদদাতা তারাও শোকজ পাবেন। মদদদাতাদের মধ্যে কেন্দ্রীয় নেতাও থাকতে পারেন। যাদের বিরুদ্ধে বিদ্রোহ ও মদদ দেওয়ার অভিযোগ আছে, তারা সবাই শোকজ পাবেন।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকদের এই বৈঠক অন্যদের মধ্যে দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ
Green Tea
সর্বশেষ