ঢাকা, বুধবার ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩

প্রকাশিত: ১৫:৪৫, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৫:৪৫, ৯ সেপ্টেম্বর ২০১৯

হয় মাদক ছাড়ো, না হয় মৌলভীবাজার ছাড়ো : এসপি

বড়লেখা : মাদকসেবী ও  মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ বলেছেন, ‘হয় মাদক ছাড়ো, না হয় মৌলভীবাজার ছাড়ো। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই।’

সোমবার (৯ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি বলেন, ‘মাদকের তথ্য পেলে ওসিকে জানান। ওসি যদি ব্যবস্থা না নেন, তাহলে সংশ্লিষ্ট থানার ওসিকে জবাবদিহি করতে হবে। আমি অবহেলা সহ্য করবো না।‘

পুলিশ সুপার বলেন, নিজের আত্মপ্রচারের জন্য বলছি না। তবে ষোলো বছরের চাকরি জীবনে ষোলো পয়সাও দুর্নীতি করিনি। সুতরাং আমার নামে কেউ জনগনের কাছ থেকে পয়সা নিতে পারবে না, এই তথ্যটি সবার কাছে পৌঁছে দিয়েন। পুলিশদ্বারা যদি জনগণের কোনো ক্ষতির খবর পাই তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকল মানুষ দূরের জেলা সদরে আমার কাছে অনেক সময় যেতে পারবে না। তাই থানা হবে জনগণের আশ্রয়স্থল, জনগণের সেবা কেন্দ্র।’

ফারুক আহমদ আরো বলেন, ‘সকল অপরাধীদের তালিকা করা হচ্ছে। জনগণের কাছে অপরাধীদের তালিকা দেওয়া হবে। যাতে জনগণের সহায়তায় দ্রুত সময়ে অপরাধীদের সনাক্ত করা যায়। আইনের আওতায় নেওয়া সম্ভব হয়। এক্ষেত্রে জনগণের সহযোগিতা প্রয়োজন।’

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম ও উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়ের যৌথ সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা বিশেষ শাখার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) সারোয়ার আলম, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, জেলা পরিষদের নারী সদস্য জোবায়েদা ইকবাল, বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সহকারী আইন কর্মকর্তা গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতফি, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ, নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্ত্তী, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, নছিব আলী, এনাম উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, শাহাব উদ্দিন, ময়নুল হক, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সমাজসেবক সুনাম উদ্দিন, ইউপি সদস্য কবির আহমদ প্রমুখ।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়