ঢাকা, বুধবার ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩

প্রকাশিত: ১৫:০৯, ১১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৫:১০, ১১ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধুর নামে ফিজিওথেরাপি ইনস্টিটিউটের নাম করতে চায় চিলি

ঢাকা:

চিলি সরকার তাদের দেশের একটি ফিজিওথেরাপি ইনস্টিটিউটের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নামে করতে চায়। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠিয়েছে চিলি সরকার। নিয়ম অনুযায়ী চিলি সরকারের চিঠি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কাছে পাঠিয়ে দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রতিবন্ধীবান্ধব ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

প্রতিবন্ধীবান্ধব ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে অংশ নেন অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। এ সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিবন্ধীদের নিয়ে গঠিত টাস্কফোর্সের কর্মকাণ্ডে সন্তোষ জানান। একইসঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনার সব ক্ষেত্রে প্রতিবন্ধীদের নিরাপত্তা, অংশগ্রহণ এবং ক্ষমতায়নে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন।

ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী জানান, বন্যাসহ দুর্যোগ ব্যবস্থাপনায় প্রতিবন্ধীদের উন্নয়ন ও নিরাপত্তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে উদ্যোগ বাস্তবায়ন করে আসছে, তাতে সন্তোষ জানিয়েছেন সায়মা ওয়াজেদ পুতুল।

প্রতিমন্ত্রী আরও জানান, টাস্কফোর্সের উপদেষ্টা হিসেবে সায়মা ওয়াজেদ পুতুলের দিক নির্দেশনা অনুযায়ী কাজ করা হচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়