ঢাকা, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

প্রকাশিত: ১৫:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৫:৩৩, ১১ সেপ্টেম্বর ২০১৯

পরীক্ষা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, তদন্ত দাবি টিআইবির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়াই ছাত্র ভর্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই অভিযোগের ফলে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ভর্তি প্রক্রিয়া নিয়ে আস্থার সংকট আরো ঘণীভূত হয়েছে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে সংস্থাটি।

নিয়মনীতি না মেনে যাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেয়া হয়েছে তাদের অনেকে ডাকসু নির্বাচনে বিজয়ী হয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অভিযোগ সঠিক হলে তা হবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার শামিল। নিরেপেক্ষ থেকে এই ঘটনার তদন্ত করে বিচার করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।

তিনি বলেন, উত্থাপিত অভিযোগ বাংলাদেশে উচ্চ শিক্ষার ভবিষ্যত তথা মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সব প্রত্যাশার জন্য অশনি সংকেত। একদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নিশ্চিত করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের মর্যাদা ও সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য অপরিহার্য। অন্যদিকে নিয়মনীতি অনুসরণ করে সমান প্রতিযোগিতার ক্ষেত্র নিশ্চিত করে ভর্তি প্রত্যাশী সব শিক্ষার্থীদের সমান অধিকার প্রতিষ্ঠার বাস্তব দৃষ্টান্ত স্থাপন করাও কর্তৃপক্ষের গুরুদায়িত্ব।

টিআইবি পরিচালক বলেন, এর কোনো প্রকার ব্যত্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট গ্রহণযোগ্য হবে না বলে আমরা বিশ্বাস করতে চাই। বিশ্ববিদ্যালয়ে ছাত্রত্বের অবস্থাকে রাজনৈতিক বা অন্যকোন সুবিধা অর্জনের মাধ্যম হিসেবে পরিণত করা যাবে না। তা নাহলে গুণগত শিক্ষার প্রসারের মাধ্যমে যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার জন্য যুব সমাজের স্বপ্ন ফুরিয়ে যাবে।

রাজনৈতিক বিবেচনায় কিংবা স্বার্থান্বেষী চক্রান্তের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ ধরনের আত্মঘাতী অবস্থান প্রতিরোধের আহ্বান জানায় টিআইবি।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়