ঢাকা, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬,   ভাদ্র ৫ ১৪৩৩

প্রকাশিত: ১৫:৪৯, ১১ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৬:১২, ১১ সেপ্টেম্বর ২০১৯

প্রতিবেশী ৪ দেশ থেকে বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ

আইনিউজ ডেস্ক: বাংলাদেশের প্রতিটি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এজন্য প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে বিদ্যুৎ আমদানির ব্যাপারে আলোচনা করছে বাংলাদেশ সরকার। বুধবার (১১ সেপ্তেম্বর) নিজের সরকারি বাসভবন গণভবনে এক ভিডিও কনফারেন্সে একথা জানান প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪৩৫.৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন চারটি নতুন বিদ্যুৎ কেন্দ্র, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশন এবং ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এসময় শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রতিটি গ্রাম আলোকিত করতে চাই। আর সেজন্য আমরা বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও সঞ্চালন লাইন স্থাপন করছি এবং প্রতিবেশী দেশ ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারের সঙ্গে বিদ্যুৎ আমদানির ব্যাপারে আলোচনা করছি।’

ভারত থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার দেশে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভুটান ও নেপালে বিনিয়োগের পরিকল্পনা করছে এবং মিয়ানমার ভুটান ও নেপালের সঙ্গে বিদ্যুৎ আমদানির ব্যাপারে আলোচনা চলছে।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। কেননা বিদ্যুৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। দেশের ৯৩ শতাংশ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছেন আর দেশে এখন ২২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

সরকার দেশের শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে কাজ করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, প্রতিটি মানুষের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ধাপে ধাপে দেশের প্রতিটি গ্রাম, উপজেলা ও ইউনিয়নের সকল মানুষকে বিদ্যুতায়নের আওতায় আনা হবে।

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার উৎপাদন খরচের অর্ধেক মূল্যে গ্রাহককে বিদ্যুৎ দিচ্ছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়