ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

প্রকাশিত: ০৫:৩৪, ১২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৫:৩৪, ১২ সেপ্টেম্বর ২০১৯

রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহায়তা, আটক ৬

নারায়নগঞ্জ : নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে রোহিঙ্গাদের পাসপোর্ট ও নাগরিক পরিচয়পত্র তৈরির কাজে যুক্ত ছয়জনকে আটক করেছে র‍্যাব। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমান ভুয়া জন্ম নিবন্ধন সনদ ও নাগরিক পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সংলগ্ন কয়েকটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব। র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার মো. মহিউদ্দিন ফারুক এই তথ্যটি নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন ফারুক বলেন, আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কোনও অসাধু কর্মকর্তা বা কর্মচারী এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া অবৈধভাবে তৈরি করা নাগরিক পরিচয়পত্রগুলোতে সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারদের সিল-স্বাক্ষরও ব্যবহার করা হয়েছে। এসব জনপ্রতিনিধি এই জালিয়াতির কাজে জড়িত আছেন কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

র‌্যাব জানায়, কক্সবাজারের টেকনাফ এবং উখিয়াসহ রোহিঙ্গা ক্যাম্পের অনেকেই অবৈধভাবে বিদেশে যাওয়া শুরু করেছে। দেশের কিছু দালালের সহযোগিতায় তারা পাসপোর্ট তৈরি করে নিচ্ছে। তবে পাসপোর্ট তৈরির জন্য জন্ম নিবন্ধন সনদ ও নাগরিক পরিচয়পত্র তৈরির কাজগুলো করতে একটি আইটি চক্র তাদের সহযোগিতা করছে। এই চক্রটি সফটওয়্যারের মাধ্যমে নাম পরিচয় ও ঠিকানা ঠিক রেখে অবৈধভাবে জন্ম নিবন্ধন সনদ ও নাগরিক পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের আশপাশে গড়ে ওঠা কম্পিউটার কম্পোজের ব্যবসার আড়ালে এই চক্রটি সনদ জালিয়াতির কাজ করে আসছে। বুধবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারটি দোকানে অভিযান চালিয়ে এই জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন বয়সের রোহিঙ্গার ছবিসহ পঁচিশ হাজারেরও বেশি অবৈধ নাগরিক পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদের ফরম পাওয়া যায় সেখানে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়