যুবা এশিয়া কাপের আগের সাত আসরের চ্যাম্পিয়ান ভারত। এবার সেই ভারতের বিপক্ষেই ফাইনালে লড়বে বাংলাদেশ।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মোরাতুয়ায় ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বাংলাদেশের যুবাদের। কলম্বোর পি সারা ওভারে আরেক সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল স্বাগতিক শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টি দুটি ম্যাচই পণ্ড করে। দুই ম্যাচেই খেলার টসটাও হতে পারেনি।
ফলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে ভারত ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ ফাইনালের টিকিট পায়। শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে বাংলাদেশ ও ভারত।
সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকেও একই ব্যবধানে হারায় আকবর-তৌহিদরা। তাতে এক ম্যাচ হাতে থাকতেই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের সেমিফাইনাল। এরপর স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪২ রানে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় বাংলাদেশ।
























