ঢাকা, শনিবার   ০৯ মে ২০২৬,   বৈশাখ ২৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৩, ২ অক্টোবর ২০২১

মেট্রোরেলের পঞ্চম চালান মোংলায়

দেশে প্রথমবারের মতো নির্মিতব্য মেট্রোরেলের পঞ্চম চালানের ৮ বগি ও ৪টি ইঞ্জিন পৌঁছেছে মোংলা বন্দরে। শনিবার (২ অক্টোবর) সকালে বন্দরের ৯ নম্বর জেটিতে বগি ও ইঞ্জিন নিয়ে নোঙর করে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজ এমভি এসপিএম ব্যাংকক। 

গত ১৪ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। জাহাজে মেট্রোরেলের বগি ছাড়াও আরও ৩২টি প্যাকেজের সরঞ্জাম এসেছে বলে জানিয়েছেন বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. ওহিদুজ্জামান।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মাদ মূসা বলেন, বন্দরে মেট্রোরেলের ৮টি বগি এসে পৌঁছেছে। খুব দ্রুতই এসব সরঞ্জাম খালাস শেষ হবে। মোংলা বন্দরের সক্ষমতা কয়েক বছরে বেশ বৃদ্ধি পেয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিসহ মূল্যবান যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে এসেছে।

তিনি আরও বলেন, আশা করি ভবিষ্যতে সরকার মোংলা বন্দরের মাধ্যমে গুরুত্বপূর্ণ মালামাল আনবে। মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ইনারবার ড্রেজিংসহ অনেক কাজ চলমান রয়েছে। এসব কাজ শেষ হলে বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, মেট্রোরেল প্রকল্পের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করছে জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি। প্রতি সেট ট্রেনের দুই পাশে দুটি ইঞ্জিন থাকবে। এর মধ্যে থাকবে চারটি করে কোচ। ট্রেনগুলোয় ডিসি ১৫০০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা থাকবে।

স্টেইনলেস স্টিল বডির ট্রেনগুলোতে থাকবে লম্বালম্বি আসন। প্রতিটি ট্রেনে থাকবে দুটি হুইল চেয়ারের ব্যবস্থা। শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি বগির দুই পাশে থাকবে চারটি করে দরজা। জাপানি স্ট্যান্ডার্ডের নিরাপত্তা ব্যবস্থা সংবলিত প্রতিটি ট্রেনের যাত্রী ধারণক্ষমতা হবে ১ হাজার ৭৩৮ জন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ