নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:৩২, ৬ আগস্ট ২০২০
অনুষ্ঠিত হলো ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০
ফাইল ছবি
ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০-এর আনুষ্ঠানিক সূচনা “রেজিলিয়েন্স ফর প্যারিটি অ্যান্ড প্রসপারিটি” এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০-এর উদ্বোধনী অনুষ্ঠান ও “রেজিলিয়েন্ট ইয়্যুথ লিডারশিপ সামিট”।
মুসলিম বিশ্বের তরুণদের দৃঢ় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা ও তরুণদের নানামুখী কৃতিত্বে উৎসাহ দিতে ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরাম (আইসিওয়াইএফ) ২০১৫ সাল থেকে প্রতিবছর ওআইসি সদস্যভুক্ত দেশসমূহকে ‘ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল’-এর স্বীকৃতি প্রদান করে আসছে।
বিগত ২০১৯ সাল থেকে শুরু হওয়া প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সফলতার সাথে সম্পন্ন করে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর বাংলাদেশ গৌরবজনক এই স্বীকৃতি অর্জন করে।
গত ২৭ জুলাই বিকাল ৪টায় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত বছরব্যাপী ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে তরুণদের মধ্যে প্রযুক্তি ব্যবহার করে ইতিবাচক পরিবর্তন আনার জন্য একটি যোগসূত্র তৈরির প্রচেষ্টায় দুই দিনব্যাপী অনুষ্ঠানটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন কর্মসূচি অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। বঙ্গবন্ধু তারুণ্যের প্রতীক ছিলেন উল্লেখ করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটালের বছরব্যাপী কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তারুণ্যের প্রতীক। তারুণ্যের উদ্দীপনাতেই তিনি স্বপ্ন দেখেছিলেন একটি স্বনির্ভর, সমৃদ্ধ, স্বাধীন জাতির। সেই চেতনাকে সামনে রেখে আজকের যুব সমাজকে চিন্তা ধারায় নতুনত্ব এবং উদ্ভাবনী চেতনার মাধ্যমে একটি বৈষম্যহীন টেকসই সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। কোভিড-১৯ মোকাবেলায় সম্ভাব্য সকল ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ফলশ্রুতিতে মানব সমাজের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৈশ্বিক সহযোগিতার বিকল্প নেই।“
তিনি আরও বলেন, “তরুণদের সমতা এবং সমৃদ্ধির জন্য সহনশীলতার বিষয়ে কাজ করতে হবে। মায়ানমার থেকে আগত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের দেশে ফিরিয়ে নিতে সারা বিশ্বের তরুণদের সোচ্চার হতে হবে।“
গ্লোবালি তরুণদের পরস্পরের সাথে সংযোগ করতে ওআইসি একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম জানিয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, “ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল সম্মেলনে তরুণরা বিশ্বব্যাপী মানবতাবাদী নেতাদের সঙ্গে সাক্ষাত্ করতে পারে। এর মাধ্যমে তারা কোভিড -১৯ এর ফলে সৃষ্ট চ্যালেঞ্জগুলোর মোকাবেলার জন্য বুদ্ধিদীপ্ত ধারণা এবং রোহিঙ্গাদের অধিকার আদায়ে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করতে পারে। আমরা জাতি হিসেবে ভাগ্যবান, আমাদের জনসংখ্যার বেশিরভাগই তরুণ। প্রাণবন্ত এবং সৃজনশীলতায় পূর্ণ তারা, আর তাই আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল। গত বছর এশিয়ার ৪৫টি নির্দিষ্ট দেশের মধ্যে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ছিল সর্বোচ্চ। আমরা আরও উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে বদ্ধপরিকর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বিশ্বের সকল তরুণদের আইকন। তার জীবন থেকে বিশ্বের সকল তরুণদের অনুপ্রেরণা নেওয়া এবং তার নেতৃত্বের আলোয় উদীপ্ত হয়েই এই গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ডে আমাদের অংশগ্রহণ। গ্লোবালি তরুণদের কানেক্ট করতে ওআইসি একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হবে।”
ইসলামিক কনফারেন্স অব ইয়্যুথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টারস-এর চেয়ারম্যান এবং রিপাবলিক অব আজারবাইজান-এর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আজাদ রাহিমোভ তাঁর বক্তব্যে বলেন, “ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল প্রোগ্রামটিতে অংশগ্রহণকারী ও সৃজনশীল তরুণদের জন্য একটি মাধ্যম যা সমাজ, জাতি ও বিশ্বের কাছে তাদের প্রস্তাব প্রকাশের উৎসাহ প্রদান করে। তরুণদের নতুন কিছু করার প্রেরণা জোগাবে এই প্লাটফর্মটি। তাদের সকল সৃজনশীল কর্মকান্ডের স্বীকৃতি প্রদান করবে এই মাধ্যমটি।“
ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যুব সমাজকে যোগ্য করে তুলতে হবে উল্লেখ করে গাম্বিয়ার জাস্টিস মিনিস্টার অ্যান্ড এটর্নি জেনারেল ডাউডা এ জ্যালো বলেন, “যুব সমাজকে নিজের জাতির উন্নতির লক্ষ্যে কাজ করতে হবে। তরুণদের যুদ্ধ-কলহ কিংবা অরাজকতা সৃষ্টি করার মতো কাজ থেকে বিরত থাকতে উত্সাহিত করতে হবে। নারীরা খুব সহজেই সমাজে যৌন হয়রানি সহ নানা ধরনের লিঙ্গ বৈষম্যের শিকার হয়ে থাকে। এক্ষেত্রে স্মরণ রাখা প্রয়োজন— উন্নতি তখনই সম্ভব যখন দেশে শান্তি ও সমপ্রীতি বজায় থাকে।
এছাড়াও যুব সমাজের উন্নয়নে বিভিন্ন কারিগরি শিক্ষাব্যবস্থাকে কাজে লাগাতে পারে ওআইসির অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো। আজকের যুব সমাজই ভবিষ্যতের নেতৃত্বদানকারী; তাই নেতৃত্ব দেওয়ার জন্য অবশ্যই যুব সমাজকে নিজেদের যোগ্য করে তুলতে হবে।“ ঢাকাকে ২০২০ সালের জন্য ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল হিসেবে বাছাই করার জন্য ওআইসি এবং আইওয়াইসিএফ-কে ধন্যবাদ জানান বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, এমপি।
করোনা পরিস্থিতি মোকাবেলায় যুবকদের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কোভিড-১৯ এর বিরুদ্ধে স্থিতিস্থাপকতা গড়ে তুলতে, বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিশ্বজুড়ে বাংলাদেশের তরুণদের জড়িত করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে। আত্ম-কর্মসংস্থান ও দক্ষতা সৃষ্টির লক্ষ্যে গ্রামে আবদ্ধ তরুণদের জন্য একটি কৃষি এবং ঐতিহ্যবাহী বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রকল্প নেওয়া হয়েছে। প্রযুক্তির দক্ষতা বিকাশ প্রকল্পের আওতায় আউটসোর্সিং এবং যোগাযোগের ভাষা সম্পর্কিত অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম সক্রিয় বিবেচনায় রয়েছে। ‘ইয়্যুথ ব্র্যান্ডিং’ ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যতম একটি উদ্যোগ। যুবসমাজের জন্য আত্ম-কর্মসংস্থান এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশিক্ষণ অব্যাহত রয়েছে। প্রতিবছর ৩ লক্ষাধিক তরুণ প্রশিক্ষণপ্রাপ্ত হচ্ছে। এছাড়াও সচেতনতা তৈরির লক্ষ্যে আমরা দেশের বাইরে যুবকদের জন্য কিছু সফট স্কিল প্রশিক্ষণও দিয়ে যাচ্ছি। প্রতিযোগিতামূলক নির্বাচন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ সফলতার সাথে সম্পন্ন করে ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০। গৌরবজনক এই স্বীকৃতি অর্জন ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বছরব্যাপী এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত। ওআইসির এই স্বীকৃতি অর্জন তরুণবান্ধব বাংলাদেশ গড়তে সহায়ক হবে।“
সুশিক্ষিত, দক্ষ ও কর্মক্ষম তরুণ সম্প্রদায়কে এই উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০ এর লক্ষ্য জানিয়ে আয়োজন সহযোগী সংস্থা ইসলামিক কো-অপারেশন ইয়্যুথ ফোরাম (আইওয়াইসিএফ)-এর সভাপতি জনাব তাহা আয়হান বলেন, “আজকের সমাবেশটি ঢাকা এবং সদস্য দেশের প্রিয় তরুণদের প্রতি উত্সর্গকৃত। কারণ তরুণ সমাজ আমাদের সম্প্রদায়, সমাজ ও জাতির মূল কেন্দ্রবিন্দু। তারাই উন্নয়ন এবং বিকাশের প্রধান চালক। তাই আমাদের লক্ষ্য সুশিক্ষিত, দক্ষ ও কর্মক্ষম তরুণ সমপ্রদায়কে এই উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করা। উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ সমাজের জন্য কার্যকর সমাধান নিরূপণ ও বৈশ্বিক অর্থনৈতিক সমস্যার সমাধানের পথ খুঁজতে সহায়তা করতে পারে।“
যুব সম্প্রদায়ের সচেতনতাই সুন্দর ভবিষ্যৎ গড়বে এই প্রত্যাশা রেখে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন এর সেক্রেটারি জেনারেল ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন তাঁর বক্তব্যে বলেন, “এই সংস্থার কাজগুলো মুসলিম উম্মাহ এবং বিশেষত যুব সমপ্রদায়ের জন্য। বর্তমানে পৃথিবী করোনার ভয়াল থাবায় আতঙ্কগ্রস্ত; যার মাঝে একটি বড় অংশ যুব সমাজ। যুব সমাজকে বৈজ্ঞানিকভাবে এর বিরুদ্ধে কাজ করতে হবে। সেইসঙ্গে সন্ত্রাসবাদকে সম্পূর্ণ পরিহারে উৎসাহিত করতে হবে। মিয়ানমার রোহিঙ্গাদের সঙ্গে যে অমানবিক আচরণ করেছে তা মানবাধিকার লঙ্ঘন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যুব সম্প্রদায়ের সচেতনতাই আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়বে।“
উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলা করে একটি প্রাণবন্ত বিশ্ব ফিরে পেতে কৌশল তৈরিতে অনলাইনে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক ব্যাক্তিবর্গ এবং সারাবিশ্বের মোট ২৫০ জন তরুণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রেজিলিয়েন্ট ইয়্যুথ লিডারশিপ সামিট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ও মুজিব বর্ষে অনুষ্ঠিত ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০-এ অংশগ্রহণকারী তরুণদের ইসলাম, জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে জানাতে এবং উনার আদর্শে গড়ে উঠায় উদ্বুদ্ধ করতে উদ্ভাবনী সৃষ্টি, পরিবেশ, খেলাধুলা, উদ্যোক্তা, সংস্কৃতি ও কলা ইত্যাদি বিষয়ে অবদানের জন্য সারাবিশ্বের তরুণদের মাঝে প্রতিবছর বঙ্গবন্ধু গ্লোবাল ইয়্যুথ লিডার অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এছাড়াও ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০-এ বছরব্যাপী কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, ফিল্ম ফেস্টিভ্যাল, চিত্রকলা প্রদর্শনী, বিতর্ক প্রতিযোগিতা, স্কাউটক্যাম্প, এন্টারপ্রেনারশিপ, স্কিল ও এমপ্লয়মেন্ট ক্যাম্প এবং কুইজ প্রতিযোগিতা ইত্যাদি প্রতিযোগিতা ও ইভেন্ট অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল ঢাকা ওআইসি ইয়্যুথ ক্যাপিটাল ২০২০-এর চাবি বাংলাদেশের সকল তরুণদের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ যুব ও ছাত্র সংঘ (ইউনিস্যাব)-এর ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক সভাপতি মোহাম্মদ মামুন মিয়া ও মডেল ওআইসি বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর ফাহমিদা ফাইজার হাতে তুলে দেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























