ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৮, ২ আগস্ট ২০২০

তারেক মাসুদের মৃত্যু

ঈদের দিন বন্দি অবস্থায় সেই বাসচালকের মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

বিখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং খ্যাতিমান চিত্রগ্রাহক মিশুক মুনীরের মৃত্যু হওয়া সেই দুর্ঘটনায় দায়ী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত বাসচালক জামির হোসেন মারা গেছেন।

ঈদের দিন শনিবার সকালে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হৃদরোগ ইন্সিটিউটে মৃত্যু হয় তার।

জামির হোসেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন। তাকে শুক্রবার চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।

বাসচালক জামির হোসেনের মরদেহ তার নিজ গ্রাম চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। 

চুয়াডাঙ্গা জেলা সদরের দৌলাতদিয়াড় স্কুলপাড়ার মৃত আব্দুর রহিম ও মরহুমা সফুরা বেগমের ছেলে জামির হোসেন ছোটবেলা থেকেই পরিবহনের সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের মেহেরপুর-ঢাকা কোচের চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

২০১১ সালের ১৩ আগস্ট গাবতলী-পাটুরিয়া সড়কের মানিকগঞ্জ ঘিওরে মাইক্রোবাসের সঙ্গে তার বাসটির ধাক্কা লাগে। ঘটনাস্থলে তারেক মাসুদ ও মিশুক মনিরসহ মোট ৫ জন মারা যান। ওই মাইক্রোবাসে মোট ১০ জন আরোহীর মধ্যে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদসহ অন্য আরোহীরা আহত হলেও বেঁচে যান।

সে ঘটনার কয়েকদিনের মাথায় মেহেরপুর গাংনীর চৌগাছা থেকে গ্রেফতার করা হয় ড্রাইভার জামির হোসেনকে। 

বিচারে চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডসহ পরিবহন সংস্থাকে মোটা অংকের অর্থ জরিমানা হয়।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়