ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪০, ৬ আগস্ট ২০২০

জুলাইয়ে ২৯৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫৬, আহত ৩৪১

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত জুলাই মাসে ২৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৩৫৬ জনের প্রাণ গেছে। এছাড়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৪১ জন। 

সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে নিহতের মধ্যে ৬৪ জন নারী এবং ৩৫ শিশুর কথা উল্লেখ করা হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৯৮ জন, যা মোট নিহতের ২৭.৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৬.৫১ শতাংশ। 

এছাড়া দুর্ঘটনায় ৮৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৩.৫৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন। এটি শতাংশের হিসাবে ১৪.৮৮।
 
এ সময়ে ১৬টি নৌ-দুর্ঘটনায় ২৭ জন নিহত ও ২১জন নিখোঁজ হয়েছেন। ৪টি রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন।
 
রোড সেফটি ফাউন্ডেশন ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।
 
এ প্রতিবেদনে দুর্ঘটনায় ট্রাক যাত্রী ১৮ জন, বাস যাত্রী ১৪ জন, পিকআপ যাত্রী ৯ জন, কাভার্ডভ্যান যাত্রী ৪ জন, মাইক্রোবাস যাত্রী ৫ জন, প্রাইভেটকার যাত্রী ২৩ জন, এ্যাম্বুলেন্স যাত্রী ৩ জন, ট্রলি যাত্রী ৬ জন, লরি যাত্রী ২ জন, সিএনজি যাত্রী ২২ জন, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ২০ জন, নসিমন-করিমন যাত্রী ১৩ জন, ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র যাত্রী ৯ জন, রিকশা ও রিকশাভ্যান যাত্রী ১১ জন, লেগুনা যাত্রী ৭ জন, টমটম যাত্রী ১ জন, পাওয়ারটিলার যাত্রী ২ জন এবং বাই-সাইকেল আরোহী ৫ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।
 
গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায়, নিহতদের মধ্যে শিক্ষক ৭ জন, চিকিৎসক (ঢাকা মেডিকেল) ১জন, সেনা সদস্য ১ জন, পুলিশ সদস্য ৪ জন, রেলওয়ে পুলিশ ১ জন, মেডিকেল টেকনোলজিস্ট ১ জন, স্বাস্থ্যকর্মী ২ জন, সাংবাদিক ৩ জন, এনজিও কর্মকর্তা/কর্মী ৭ জন, ইউনিয়ন পরিষদ মেম্বার ১ জন, স্থানীয় রাজনৈতিক নেতা ৬ জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষী ১ জন, সরকারি চাকরিজীবী ৮ জন, স্থানীয় ব্যবসায়ী ২১ জন, পোশাক শ্রমিক ১৩ জন, পাটকল শ্রমিক ১ জন, চা শ্রমিক ১ জন, প্রবাসী শ্রমিক ২ জন এবং শিক্ষার্থী ৩৯ জন।

এসব দুর্ঘটনা সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। ৭০টি দুর্ঘটনায় ৭৬ জন নিহত হয়েছেন। কম হয়েছে খুলনা বিভাগে। সেখানে ২৮টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন। 

এদিকে একক জেলা হিসেবে ময়মনসিংহে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। অন্যদিকে সবচেয়ে কম দুর্ঘটনা মৌলভীবাজরে ঘটেছে। সেখানে ২টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়