ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৩, ৮ আগস্ট ২০২০

শুরু হয়েছে সিনহা হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে র‌্যাব-১৫। শনিবার দুপুর ২টার পর থেকে কক্সবাজার জেলা কারাগারের ফটকে দু’দিনের রিমান্ড মঞ্জুর হওয়া চারজনকে জিজ্ঞাসাবাদ করছে র‌্যাবের তদন্ত দল। 

সাত দিন করে রিমান্ডে নেয়া তিন আসামি টেকনাফ বাহারছড়া পুলিশ ফাঁড়ির বরখাস্ত হওয়া ইন্সপেক্টর লিয়াকত আলী, বরখাস্ত টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ এবং এসআই নন্দ দুলাল রক্ষিতকে রবিবার র‌্যাবের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হবে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ অধিনায়ক মেজর মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করে জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার ক্লু উদ্ঘাটনের চেষ্টা করা হবে।

কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন জানান, শনিবার দুপুর দেড়টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রিমান্ডের আদেশ প্রাপ্ত ৭ আসামির ব্যাপারে প্রয়োজনীয় নথিপত্র জেলা কারাগারে পৌঁছেছে। ফলে কারাফটকে র‌্যাব সদস্যরা চার আসামিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। রবিবার সাতদিনের রিমান্ডের আদেশপ্রাপ্ত আসামিদের র‌্যাব হেফাজতে নিয়ে যাওয়ার কথা রয়েছে।

গত ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশীর সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়িাল ম্যাজিস্ট্রেট আদালতে ইন্সপেক্টর লিয়াকত, ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়