ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:০৬, ১১ আগস্ট ২০২০
আপডেট: ১৩:০১, ১১ আগস্ট ২০২০

কেন বন্ধ হচ্ছে করোনা বুলেটিন?

মহামারী করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিন বুধবার (১২ আগস্ট) থেকে বন্ধ হয়ে যাচ্ছে।

সোমবার (১০ আগস্ট) রাতে সময় সংবাদকে এ বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।   

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, ‘আমিও সেটা শুনেছি বুলেটিন আর প্রচার হচ্ছে না। কাল পর্যন্ত অপেক্ষা করে দেখেন কি হয়।’

জানা গেছে, মূলত মন্ত্রণালয়ের নির্দেশেই এই বুলেটিন বন্ধ হচ্ছে। তবে স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে ও পরিস্থিতি ভালোর দিকে থাকায় বুলেটিন বন্ধ করে দেয়া হচ্ছে। 

চলমান করোনাভাইরাসের প্রকোপ কমে এসেছে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুলেটিন কেন বন্ধ হচ্ছে এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, যেভাবে টেলিভিশনে এসে একটা অনুষ্ঠানের মাধ্যমে বুলেটিন প্রচার হতো, এখন হয়তো সেভাবে আসবে না। আগামীতে লেখায় আসবে, একটা প্রেস রিলিজের মতো করে। 

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটায় শেষ স্বাস্থ্য বুলেটিন পরিবেশন করা হবে অনলাইনে। বুধবার থেকে গণমাধ্যমের কাছে প্রেস রিলিজ আকারে করোনা বিষয়ক আপডেট পাঠানো হবে।

অধিদফতরের মহাপরিচালকের কাছে পাঠানো এক নির্দেশনায় বলা হয়, বিভিন্ন প্রচার মাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অধিদফতরের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়াও এই সকল বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকেও বিব্রত হতে হয়েছে। 

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়