ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৫, ১২ আগস্ট ২০২০

লেবানন থেকে ফিরলেন আটকে পড়া ৭১ বাংলাদেশি

ছবি: আইএসপিআর

ছবি: আইএসপিআর

লেবাননের রাজধানী বৈরুতে সংঘটিত ভয়াবহ বিস্ফোরণের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর ১টি সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে পাঠানো মানবিক ও ত্রাণ সহায়তা হস্তান্তর করা হয়েছে। পরে বুধবার সকালে বিমানটি ফেরার সময় লেবানন থেকে ৭১ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে এনেছে।

বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে সহকারী পরিচালক রাশেদুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ বিমান বাহিনীর ১২ সদস্যের এয়ার ক্রু এর সমন্বয়ে গঠিত এই মিশনের নেতৃত্বে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় এ মিশনটি পরিচালিত হয়।

বন্ধুপ্রতিম দেশসমূহে সংঘটিত যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা বিমান পরিবহন সেবা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত রোববার বৈরুতে দুর্ঘটনা কবলিত প্রবাসী বাংলাদেশি, স্থানীয় জনগণ ও জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সহায়তা প্রদানের জন্য জরুরি চিকিৎসা সামগ্রীসহ একজন চিকিৎসক এবং নৌবাহিনী জাহাজের বাস্তব অবস্থা নিরূপণের জন্য একটি কারিগরি মূল্যায়নকারী দলকে বিমান বাহিনীর সি-১৩০ পরিবহন বিমানের মাধ্যমে লেবাননে পাঠানো হয়েছিলো।

উল্লেখ্য, ফিরতি পথে বিমানটি বৈরুত থেকে ৭১ জন প্রবাসী বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনে। এর ফলে লেবাননের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরো বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়