ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১৪ আগস্ট ২০২০

তিন বছর বেশি জেল খেটে মুক্তি পেলেন আফজাল

ফাইল ছবি

ফাইল ছবি

হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ শেষ করে আরো তিন বছর বেশি জেল খেটে মুক্তি পেয়েছেন আফজাল হোসেন। 

নিয়ম অনুযায়ী তার সাজার মেয়াদ শেষ হয় তিন বছর আগে ২০১৭ সালে। কিন্তু তারপরও মুক্তি মিলছিল না। অবশেষে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ছাড়া পান তিনি।

এ বিষয়ে আফজল হোসেন জানান, তার কারাদণ্ডের মেয়াদ শেষ হয়েছে আগেই। কিন্তু জেল কর্তৃপক্ষ তার মামলার কোনো কাগজপত্র খুঁজে না পাওয়ায় তিনি জেল খেটেছেন আরো প্রায় সাড়ে তিন বছর বেশি।

তিনি বলেন, আমারে গ্রেফতারের সময় যেসব কাগজপত্র ছিলো সেগুলো পাইতেছিল না। পরে আবার আবেদন করে তদন্তের পর আমারে মুক্তি দিছে।

আফজাল হোসেন আটক হয়েছিলেন ১৯৯৫ সালের ২৭ জুন। যে মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, সেটির রায় হয়েছিলো ১৯৯৯ সালের ২২ নভেম্বর।

আফজাল হোসেন জানান, থানা, আদালত কিংবা জেল কোথাও কোনো জায়গায় আমার আটকের এমনকি যে এফআইআর হয়েছিলো সেটি পর্যন্ত পাওয়া যায় নাই। পরে পরিবার আবার আবেদন করলে নতুন করে তদন্ত করে পুরো বিষয়টি নিশ্চিত হয়ে তাকে মুক্তির সিদ্ধান্ত দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসার পর বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

তবে জেল কর্মকর্তারা বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আফজাল হোসেনের মুক্তি সংক্রান্ত কাগজপত্র আসার সঙ্গে সঙ্গেই তাকে আইন অনুযায়ী মুক্তি দেয়া হয়েছে।

জেল কর্মকর্তা সূত্রে জানা গেছে, যাবজ্জীবন কারাদণ্ড বলতে বাংলাদেশে ত্রিশ বছর কারাদণ্ডকে বোঝানো হয়। তবে বন্দীরা ভালো আচরণ বা যে যেই কাজে পারদর্শী সেটা কারাগারে করলে বছরে সর্বোচ্চ তিন মাস রেয়াত পেতে পারেন। ফলে সাধারণত সাড়ে ২২ বা ২৩ বছরেই শেষ হয় যাবজ্জীন দণ্ডের মেয়াদ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়