ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০, ১৪ আগস্ট ২০২০

সততার সঙ্গে দায়িত্ব পালন করবো: তাপস

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, আমার দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো। যাতে করে মা, বেহেশত থেকে বলতে না পারে, তাপস তুই তো মানুষ হতে পারলি না। 

শুক্রবার বিকেলে দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র তাপস বলেন, মা ঘুম পাড়িয়ে দিতেন আর একটি গান বলতেন ‘খোকন সোনা বলি শোনো, থাকবে না আর দুঃখ কোনো, মানুষ যদি হতে পারো’। আমার মায়ের স্বপ্ন ছিলো, আমরা মানুষের মত মানুষ হবো। সেই স্বপ্ন পূরণের দৃঢ়তায় এখনো অবিচল।
জানি না কতটা মানুষ হতে পেরেছি। মায়ের আশা পূরণ করতে পেরেছি কিনা জানি না, তার স্বপ্ন পূরণ করতে পেরেছে কিনা তাও জানি না। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমি সততা-নিষ্ঠার সঙ্গেই পালন করবো। যাতে করে মা বেহেশত থেকে বলতে না পারে- ‘তাপস তুই তো মানুষ হতে পারলি না’।  এই অপবাদ যেন না থাকে। 

অনুষ্ঠানে তিনি বলেন, এখানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব কাউন্সিলর ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত আছেন। সবার প্রতি অনুরোধ থাকবে, আওয়ামী পরিবারের হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কাজ করে যাবেন। তাহলে জাতির পিতার আত্মার শান্তি পাবে। সবাই আমরা তার আত্মার মাগফেরাত কামনা করি।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করা ছিলো বড় একটি চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে মানুষের ভাগ্য বদলে দায়িত্ব হাতে নিয়েছেন এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচার করেছেন। 

তিনি বলেন, এই কুচক্রী মহল-সন্ত্রাসীরা বঙ্গবন্ধুকে হত্যা করেই ক্ষান্ত হয়নি। কালো আইন করে বঙ্গবন্ধুর হত্যার  বিচারের অবরুদ্ধ করে রেখেছিল। 

‘বঙ্গবন্ধুর অন্যান্য খুনিদের মতো যেন খুনি রাশেদ নূরকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হয়- এ বিচার যেন বাংলাদেশের মানুষ দেখতে পারে। এ বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে জাতি কলঙ্কমুক্ত হবে। এতে করে বঙ্গবন্ধুসহ সব শহিদদের আত্মা শান্তি পাবে।’

তিনি আরো বলেন, আমরা দুই ভাই বাবা-মার সঙ্গে ঘুমিয়েছিলাম। গুলির শব্দে আমাদের ঘুম ভাঙে। সেই শব্দ শুনে বাবা-মা উঠে গেল আজও ফিরে এলো না।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামসহ ওয়ার্ড কাউন্সিলররা।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়