ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৩, ১৫ আগস্ট ২০২০

বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত মুর্তজা বশীর

শনিবার বিকেলে বনানী কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুর্তজা বশীর। এদিন সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। এই গুণী চিত্রশিল্পী করোনাভাইরাস সংক্রমিত ছিলেন।

শনিবার মনিপুরিপাড়া শেলটেক মনিহার অ্যাপার্টমেন্টের সামনে বেলা ২টা ৩০ মিনিটে চিত্রশিল্পী মুর্তজা বশীরের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকেল ৩টায় বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

দীর্ঘদিন হৃদ্‌রোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছিলেন এ চিত্রশিল্পী। এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান এই চিত্রশিল্পী। শুক্রবার সন্ধ্যায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।

বহু ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে মুর্তজা বশীর ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকার রমনায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ছিলেন তিনি। চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বশীর আর স্বাধীনতা পুরস্কার পান ২০১৯ সালে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়