ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ১৭ আগস্ট ২০২০

বালিশকাণ্ডের প্রকৌশলী শফিকুলের জামিন কেন নয়

ফাইল ছবি

ফাইল ছবি

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অস্বাভাবিক দামে আসবাবপত্র ও অন্য সামগ্রী ক্রয় সংক্রান্ত দুর্নীতির তিন মামলায় উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

চার সপ্তাহের মধ্যে বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

জামিন আবেদনের শুনানি করে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আবাসিক ভবনের জন্য ১৬৯ কোটি টাকার কেনাকাটায় দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক তিনটি মামলা দায়ের করে। 

পরে এসব মামলায় পাবনা গণপূর্ত বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামসহ ১৩ জনকে ২০১৯ সালের ১২ ডিসেম্বর গ্রেফতার করা হয়। এরপর থেকে শফিকুল ইসলাম কারাগারে আছেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়