ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ১৭ আগস্ট ২০২০

জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে বিএনপি-জামায়াত: তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় থাকাকালীন ২০০৫ সালের এ দিনে দেশের ৬৩ জেলার পাঁচ শতাধিক জায়গায় একযোগে বোমা হামলা চালিয়েছিল জঙ্গিরা। বিএনপি-জামায়াতের আশ্রয়-প্রশ্রয়েই জঙ্গিরা শাখা-প্রশাখা বিস্তার করে শক্তিশালী হয়েছিল। তারা এখনো জঙ্গিদের স্থান দিচ্ছে।

সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর জাকির হোসেন সড়কে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে ‘কোভিড কেবিন ব্লক’ উদ্বোধন শেষে ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলার প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

ড. হাসান মাহমুদ বলেন, জঙ্গি দমনে অনেক দেশের চেয়ে বেশি সফলতা দেখাতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ সরকার। আমরা জঙ্গি নির্মূল করতে পেরেছি বলে দাবি করবো না। তবে জঙ্গি দমন করা সম্ভবপর হয়েছে।

দেশে করোনা অনেকটা নিয়ন্ত্রণে উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে আনা অনেকটা সম্ভব হয়েছে। তবে শুরুতে অনেক বিশেষজ্ঞ ও সরকারের সমালোচনাকারীরা বলেছিলেন, করোনায় দেশে হাজার হাজার মানুষ মারা যাবে, সড়কে লাশ পড়ে থাকবে, হাসপাতালে শয্যা পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর রহমতে সেই পরিস্থিতি হয়নি।

ইম্পেরিয়াল হাসপাতালের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ইম্পেরিয়াল হাসপাতাল হচ্ছে চিকিৎসা সরঞ্জামে সমৃদ্ধ একটি হাসপাতাল। হৃদরোগের চিকিৎসায় এ রকম বিশেষায়িত হাসপাতাল দেশে আর একটিও নেই। এ হাসপাতালে করোনা ইউনিট চালু করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। করোনার চিকিৎসায় বর্তমানে চট্টগ্রামের অবস্থা অনেক ভালো। এখন যে পরিমাণ আইসিইউ শয্যা আছে সে পরিমাণ রোগীও নেই।

এসময় উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল হাসপাতালের বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন, বোর্ড সদস্য ও দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, ব্যবস্থাপনা পরিচালক আমজাদুল ফেরদৌস চৌধুরী, প্রফেসর মো. নুরুল আমিন, জাহাঙ্গীর আলম খান, ডা. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রমুখ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়