ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

ঢাকা

প্রকাশিত: ১১:১১, ১৮ আগস্ট ২০২০

ঢাকায় অপহরণ,উদ্ধার কক্সবাজারে

ঢাকার শেরেবাংলা নগর থেকে নিখোঁজ এক কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারের সদর উপজেলা থেকে ওই কিশোরীকে উদ্ধার করে শেরেবাংলা নগর থানা ও কক্সবাজার থানা পুলিশ। এর আগে ১১ আগস্ট থেকে নিখোঁজ ছিলো ওই কিশোরী। এ ঘটনায় ওই কিশোরীকে অপহরণের অভিযোগে মো. জীবন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।  

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) তাকে উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্রে জানা যায়,  ১১ আগস্ট সকাল ১০টার দিকে ওই কিশোরী বাসা থেকে বের হয়। তখন জীবন ও তার সহযোগীরা ওই কিশোরীকে প্রলোভন দেখিয়ে সেখান থেকে নিয়ে যায়। দুপুর গড়িয়ে গেলেও মেয়ের কোন খোঁজ না পেয়ে এবং মোবাইল বন্ধ পেয়ে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেন ওই কিশোরীর বাবা। এ ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় থানার উপপরিদর্শক (এসআই) জামিল আহমেদকে। তদন্তের সময়ে তার হাতে কিছু তথ্য আসে। বিষয়টি উধ্বর্তন কর্মকর্তাদের জানানোর পর ১২ আগস্ট থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। 

তারপর এসআই জামিল আহমেদ তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারেন জীবন কক্সবাজারে অবস্থান করছে। পরে ১২ আগস্ট রাতেই থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) ইউনুস কবিরকে সঙ্গে নিয়ে ওই কিশোরীকে উদ্ধার করতে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন তিনি। সেখানে পৌঁছে কক্সবাজার সদর থানা পুলিশ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ছয় ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজার বিমানবন্দর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং সন্দেহভাজন অপহরণকারী জীবনকে গ্রেফতার করা হয়। 

এ বিষয়ে এসআই জামিল আহমেদ জানান, “অভিযোগ পাওয়ার পর পরই আমি উধ্বর্তন কর্মকর্তাদের নির্দেশে কিশোরীরে উদ্ধারে তৎপরতা শুরু করি। এরপর তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে তাকে কক্সবাজার থেকে উদ্ধার করি। ভুক্তভোগী ওই কিশোরীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।” 

“এ ঘটনায় ওই কিশোরীর অপহরণকারী জীবনকে গ্রেফতার করা হয়েছে। তার তিন দিনের রিমান্ড চাওয়া হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।”

এসআই জামিল আরও বলেন, যতটা সম্ভব কম সময়ে ওই কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রথম থেকে পুলিশ এ বিষয়ে তদন্তে খুবই আন্তরিক ও তৎপর ছিলো।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার এসআই শেখ সজীব বলেন, ওই কিশোরীকে উদ্ধারে দিন আমি থানায় দায়িত্বরত ছিলাম। ঢাকা থেকে পুলিশ সদস্যরা এলে উদ্ধারকাজে তাদের সহায়তা করা হয়।  

আইনিউজ/টিএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়