ঢাকা, বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৮ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩২, ২০ আগস্ট ২০২০

করোনার নিয়মিত বুলেটিন চালু করার সুপারিশ

ফাইল ছবি

ফাইল ছবি

করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি বলেছে, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন চালু করা উচিত। সপ্তাহে একবার গণমাধ্যমের উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্ব থাকা উচিত বলেও মনে করে কমিটি।

কমিটির ১৭তম অনলাইন সভা থেকে এই সুপারিশ করা হয় বলে বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা।

গত ১২ আগস্ট থেকে দেশে করোনা নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিন প্রচার বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে আসছে তারা।

টিকার বিষয়ে কমিটি বলেছে, টিকা আন্তর্জাতিক বাজারে এসে গেলে তা কীভাবে প্রথমেই বাংলাদেশে নিয়ে আসা যায়, তার বিস্তারিত পরিকল্পনা এখনই করা প্রয়োজন। বাংলাদেশে কী পরিমাণে টিকার প্রয়োজন, তা সংগ্রহে কত খরচ হবে বা বিনামূল্যে পাওয়া যাবে কি না, সে বিষয়ে এখনই হিসাব করা প্রয়োজন।

তারা বলেন, সাধারণত প্রথম ব্যবহারযোগ্য ভ্যাকসিন বা টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমেই বিতরণ করা হয়। একটি নির্দিষ্ট মাথাপিছু আয়ের নিচে যেসব দেশ, সেসব দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিনা মূল্যে নির্দিষ্টসংখ্যক টিকা দিয়ে থাকে। কোভিড-১৯ টিকার ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হবে, যেটি সময়সাপেক্ষ ব্যাপার। তাই দ্রুত ব্যবস্থায় টিকা সংগ্রহ করার লক্ষ্যে প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা সে দেশের সরকারের সঙ্গে চুক্তি সম্পন্ন করা এবং প্রয়োজনীয় অগ্রিম অর্থ প্রদান করার প্রয়োজন হতে পারে।

কমিটি বলেছে, হাসপাতালে দায়িত্ব পালনের পর চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনে থাকার ব্যবস্থা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় তারা অসুবিধার সম্মুখীন হয়েছেন। স্বাস্থ্যকর্মীদের হাসপাতালে দায়িত্ব পালনের পর মানসম্মত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের ব্যবস্থা করা প্রয়োজন। 

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়