ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৪ ১৪৩৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৯, ৩০ নভেম্বর ২০২০

মাস্ক ব্যবহার না করলে হতে পারে কারাদণ্ড

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। জনসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতে প্রথমে নো মাস্ক-নো এন্ট্রি কর্মসূচি, এরপর সরাসরি প্রশাসনকে মাঠে নামিয়েছে সরকার। মাস্ক না পরলে জরিমানা আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি জরিমানায়ও সবার মাস্ক ব্যবহার নিশ্চিত না হয় তাহলে জেলের বিধান কার্যকর করা হতে পারে।

সোমবার (৩০ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এর আগে গত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি বলেছিলেন, মাস্ক ব্যবহারে সপ্তাহখানেক দেখা হবে। এরপর জরিমানা বাড়ানো হবে। এখন সেটাই করতে যাচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এখন থেকে বেশি জরিমানা করা হবে। তাতেও যদি কাজ না হয়, কঠোর অবস্থান নেওয়া হবে।

এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস টিকার তিন কোটি ডোজ ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কিনে দেশের মানুষকে তা বিনামূল্যে দেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

প্রত্যেকের জন্য দুই ডোজ টিকা লাগবে। এতে দেশের দেড় কোটি মানুষ বিনামূল্যে এই টিকা পাবেন।

সোমবার (৩০ নভেম্বর‍) সচিবালয়ে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে কভিড-১৯ সেকেন্ড ওয়েভ মোকাবিলা ও টিকা সংগ্রহের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিতকরণ শেষে এ তথ্য জানানো হয়।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়