ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪০, ২ ডিসেম্বর ২০২০

মুক্তি পেলেন হুতিদের হাতে আটক ৫ বাংলাদেশি নাবিক

ফাইল ছবি

ফাইল ছবি

ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের হাতে আটক বাংলাদেশি পাঁচ নাবিক মুক্তি পেয়েছেন। বর্তমানে তারা সেখানকার একটি হোটেলে অবস্থান করছেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আজ (বুধবার) ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন ।

আগামীকাল বৃহস্পতিবার এডেনে পৌঁছানোর পর ভারত হয়ে তারা বাংলাদেশে ফেরত আসবেন। নাবিকদের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশি এই নাবিকরা হলেন- মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ইউসুফ, রহিম উদ্দিন, মোহাম্মদ আলমগীর ও আবু তৈয়ব। তারা সবাই ওমানের মাছিরা নামে একটি জাহাজ কোম্পানিতে কাজ করতেন।

এ বছরের প্রথমদিকে সৌদি আরবে যাওয়ার পথে ঘূর্ণিঝড়ের কবলে পড়লে ইয়েমেনের সুমদ্র সীমানায় ঢুকে পড়ে জাহাজটি। পরে হুতি কোস্টগার্ড তাদের ধরে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, আটকদের একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমকে একটি ইমেইল করে তাদের বিষয়ে জানান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়। তিনি বলেন, কুয়েত ও ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সবার সঙ্গে যোগাযোগ করে নাবিকদের উদ্ধারের উদ্যোগ নেয়। পরবর্তীতে হুতিদের সঙ্গে আলোচনা সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হয়।

এই কর্মকর্তা আরো জানান, বর্তমানে সানায় অবস্থানকারী নাবিকদের খাদ্য, বাসস্থান ও ফেরত আনার ব্যবস্থা করার জন্য কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। সাথে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।’

‘৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটকদের মধ্যে একজন আমার সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।’

‘আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুইমাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থা এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।’

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়