ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০০, ৫ ডিসেম্বর ২০২০

‘অসৎ উদ্দেশ্য নিয়ে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টা হচ্ছে’

ফাইল ছবি

ফাইল ছবি

অসৎ উদ্দেশ্য নিয়ে নানা প্রসঙ্গ টেনে সমাজে অস্থিরতা তৈরির অপচেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আজ (শনিবার) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধুর জীবন ও কর্মভিত্তিক বই বিতরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এ আহ্বান জানান।

কোনো ইস্যুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, মুজিববর্ষের শেষের দিকে এসে আজকে নানাভাবে বিতর্ক তৈরি করার অপচেষ্টা চালানো হচ্ছে। নানা প্রসঙ্গ টেনে এনে বিতর্ক করার অপচেষ্টা করা হচ্ছে। কিন্তু কোনোভাবেই কোনো ইস্যুতে বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না, সহ্য করতে পারি না।

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বলেন, সাংবাদিক সমাজের প্রতি অনুরোধ, আপনারা দেশের মানুষকে পথ দেখাবেন। আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলনে যেমন সাংবাদিকদের অনন্য ভূমিকা ছিলো, ঠিক একইভাবে স্বাধীনতা সংগ্রামেও সাংবাদিকদের অনবদ্য ভূমিকা ছিল।

বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য, স্বাধিকারের জন্য এবং পরে স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষের মনন তৈরি করার ক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেন, যারা সমাজকে পিছিয়ে দিতে চায়, সমাজকে যারা মধ্যযুগে নিয়ে যেতে চায়, যারা মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা কায়েমের চেষ্টাকারীদের যারা পৃষ্টপোষকতা করে, তাদের বিরুদ্ধেও আজকে কলম নিয়ে সোচ্চার হওয়ার সময় এসেছে।

তথ্যমন্ত্রী বলেন, আমি সাংবাদিক সমাজকে অনুরোধ জানাবো, যারা সমাজে হানাহানি তৈরি করতে চায় নানা ইস্যু তৈরি করে, যারা বঙ্গবন্ধুকে অবমাননা করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, প্রেস কাউন্সিলের সদস্য আব্দুল মজিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়