ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪০, ৫ ডিসেম্বর ২০২০

ইউল্যাবের বহিষ্কৃত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বহিষ্কৃত দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মাহমুদ সাদাত রুহুল ও রায়হান আতিক।

আজ (শনিবার) রাজধানীর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তার করা মামলায় তাদের গ্রেপ্তার করেছি। আজ তাদের আদালতে হাজির করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ওয়াজির এ এফ আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরাসহ কয়েকজন তাদের নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছিল। তিনি বলেন, আমরা তাদের এ থেকে দূরে থাকতে বলেছিলাম। আমরা তাদের সঙ্গে বসলাম। কিন্তু, তারা আমাদের কথা শোনেনি।

বৃহস্পতিবার তারা আমাদের স্থায়ী ক্যাম্পাসে তালা লাগিয়ে দেয় এবং রাত দশটা পর্যন্ত সেখানে ঢুকতে বা বের হতে বাধা দেয়, যোগ করেন তিনি।

তিনি বলেন, সেখানে শিক্ষার্থী কম ছিল। কিছু বহিরাগত দেখেছি। গতকাল তারা সেখানে ভাঙচুর চালায় এবং আমাদের এক কর্মীকে আহত করে।

এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রাতে তাদের বিরুদ্ধে একটি মামলা করে বলে জানান তিনি। 

তিনি বলেন, তাদের গ্রেপ্তারের বিষয়ে আমি জানি না। দুই শিক্ষার্থীকে আগে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের জন্য প্রক্টর হিসেবে আমি কিছুই করতে পারি না।

এর আগে, গত ১৫ নভেম্বর ওই দুই শিক্ষার্থীকে বহিষ্কার করে ইউল্যাব কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ‘মিথ্যা’ তথ্য প্রচার করার অভিযোগ ছিল।

তবে শিক্ষার্থীরা দাবি করেছিলেন, করোনাভাইরাস মহামারিতে বিশ্ববিদ্যালয় ফি এর ৫০ শতাংশ মওকুফের দাবিতে আন্দোলনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়