ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৯, ৮ ডিসেম্বর ২০২০

একনেকে ৩৯০৩ কোটি খরচে চার প্রকল্পের অনুমোদন

ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় তিন হাজার ৯০৩ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর অর্থায়ন পুরোটাই সরকার করবে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়।

একনেক সভা শেষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (জ্যেষ্ঠ সচিব) ড. শামসুল আলম ও অন্য সদস্যরা বিস্তারিত তথ্য তুলে ধরেন।

অনুমোদিত প্রকল্পগুলোর তথ্য তুলে ধরে তারা জানান, কৃষি মন্ত্রণালয় ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ’ প্রকল্পের প্রথম সংশোধন আনা হয়েছে। সংশোধনীতে ৪১ কোটি ২০ লাখ টাকা খরচ বাড়ানো হয়েছে। ফলে মূল ৬৮ কোটি ৭১ লাখ টাকা ব্যয় বেড়ে হয়েছে ১০৯ কোটি ৯১ লাখ টাকা। প্রকল্পটির সময়ও বাড়ানো হয়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটি ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। এখন এর মেয়াদ বাড়িয়ে করা হয়েছে ২০২২ সালের জুন পর্যন্ত।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে ‘চরখালী-তুষখালী-মঠবাড়িয়া-পাথরঘাটা সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ (জেড-৮৭০১)’ প্রকল্পের প্রথম সংশোধন আনা হয়েছে। সংশোধনীতে ৪৪ কোটি ৫৭ লাখ টাকা বাড়ানো হয়েছে। প্রকল্পটির মূল খরচ ১০৪ কোটি ৭৭ লাখ টাকা বাড়িয়ে করা হয়েছে ১৪৯ কোটি ৩৪ লাখ টাকা।

একই মন্ত্রণালয়ের ‘পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্পটি নতুন অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ করা হবে দুই হাজার ২৪২ কোটি ৭৮ লাখ টাকা। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘ময়মনসিংহ সিটি করপোরেশনের সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিকসেবা উন্নতকরণ’ প্রকল্পেরও নতুন অনুমোদন দেয়া হয়েছে। এতে খরচ হবে এক হাজার ৫৭৫ কোটি ছয় লাখ টাকা। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

একনেক সভায় অংশ নেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়