ঢাকা, শনিবার ২৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১১, ৮ ডিসেম্বর ২০২০

এক কন্যা সন্তানের ‘বাবা’ দাবি নিয়ে হাসপাতালে হাজির তিনজন!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নবজাতককে ফেলে পালানোর নজির অহরহ। সন্তান কন্যা হওয়ায় মাসহ সেই শিশুর করুণ পরিণতির ঘটনাও নেহায়েত কম জানা নয়। কিন্তু এবার ঘটলো ব্যতিক্রম ঘটনা। একটি কন্যা শিশুর পিতৃত্বের দাবি নিয়ে হাজির হয়েছেন একজন দুইজন নয়, একেবারে তিনজন! আর এমন পরিস্থিতি সামলাতে বেশ বিপাকেই পড়েছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। 

ভারতীয় গণমাধ্যম জিনিউজ জানিয়েছে, ঘটনাটি কলকাতার। 

খবরে বলা হয়েছে, গত শনিবার উত্তরপাড়ার স্বপ্না মৈত্রকে বাঘাযতীনের গাঙ্গুলীবাগানের বেসরকারি হাসপাতালে ভর্তি করান রবীন্দ্রপল্লীর বাসিন্দা দীপঙ্কর পাল নামের একজন। সে সময় স্বপ্নার স্বামী হিসেবে তিনি নিজেকে পরিচয় দেন। পরদিন স্বপ্নার একটি মেয়ে সন্তান হয়। এর পরই বাধে গোলমাল।

হোয়াটসঅ্যাপে স্বপ্নার স্ট্যাটাস আপডেট দেখে হাসপাতালে হাজির হন নিউটাউনের বাসিন্দা হর্ষ ক্ষেত্রী। তিনি দাবি করেন, মেয়ে ও স্ত্রী তার। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পড়েন অথৈ জলে। বাধ্য হয়ে নেতাজিনগর থানায় খবর দেন হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে রবিবার দুজন দাবিদার হতেই কাউকেই ঢুকতে দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 

স্বপ্নার কেবিনের সামনে নিরাপত্তা কর্মী বসিয়ে দেওয়া হয়। নিউটাউনের বাসিন্দা হর্ষ অবশ্য ম্যারেজ সার্টিফিকেটসহ কয়েকটি নথি দেখান। হাতে প্রমাণ পেয়ে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ যখন একটু স্বস্তি বোধ করছেন তখনই কাহানি অন্য দিকে মোড় নেয়। সদ্যজাত এই মেয়ে শিশু তার– এই দাবি নিয়ে হাসপাতালে হাজির হন প্রদীপ রায় নামে আরো এক ব্যক্তি। 

জটিলতা বাড়ায় আর কোনো ঝুঁকি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 

এদিকে ওই শিশুর বিষয়ে তার মা স্বপ্না এখনো কোনো মন্তব্য করেননি। কিন্তু মেয়ে আসলে কার- এর উত্তর খুঁজতে তদন্ত করছে পুলিশ।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়