ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ১০ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৪৮, ১০ ডিসেম্বর ২০২০

দৃশ্যমান হলো স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামো

পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণের ৫ বছর পূর্তির দু’দিন আগেই বসল সর্বশেষ ৪১তম স্প্যান। আর এর মধ্য দিয়ে কোটি বাঙালির স্বপ্নের পদ্মা সেতুর মূল অবকাঠামো শতভাগ দৃশ্যমান হলো। বহু চড়াই উৎরাই পাড়ি দিয়ে বাস্তবিক রূপ পেয়েছে পদ্মা সেতু।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাওয়া প্রান্তে ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর সর্বশেষ ৪১তম স্প্যানটি বসানো হয়। ১৫০ মিটার দৈর্ঘ্যের এ স্প্যানটি স্থাপিত হওয়ার মধ্য দিয়ে মিলিত হলো প্রমত্ত পদ্মার দুই তীর। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯ জেলার সঙ্গে সারা দেশের সরাসরি সংযোগ স্থাপিত হওয়ার পথও উন্মুক্ত হওয়ার পথে।

এর আগে বাংলাদেশ ও চীনের পতাকায় সজ্জিত স্প্যানটি কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টক জেটি থেকে ক্রেনবাহী জাহাজ 'তিয়ান-ই'তে করে নেওয়া হয় দুই পিলারের কাছে।

৩ বছর ২ মাস ১০ দিনে ৪০ স্প্যান পদ্মা সেতুতে এ পর্যন্ত ৪০টি স্প্যান বসানো হয়েছে। বাকি ছিলো মাত্র একটি। যেটি আজ সম্পন্ন হয়েছে।

২০০১ সালের ৪ জুলাই পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রায় সাত বছর কাজ এগোয়নি।

২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্যে দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। মাত্র ৩ বছর ২ মাস ১০ দিনে বসানো হলো সেতুর সবকয়টি স্প্যান।

৩০ হাজার ১৯৩ কোটি টাকার দ্বিতল পদ্মা সেতুর ওপরের ডেকে চলবে গাড়ি, নিচের ডেকে ট্রেন। ২০১৮ সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার লক্ষ্য থাকলেও নানা প্রতিবন্ধকতায় তা হয়নি। দুই দফা সময় বেড়েছে। নতুন লক্ষ্য আগামী জুনে কাজ শেষ করা।

কিন্তু করোনা ও বন্যার কারণে তা হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং করপোরেশন ২০২২ সালের এপ্রিল পর্যন্ত সময় চেয়েছে। তবে সেতু কর্তৃপক্ষ আশাবাদী ২০২১ সালের ডিসেম্বরে কাজ শেষ হবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়