ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:০৮, ১২ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের কাজ ৬১ ভাগ শেষ: কাদের

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল প্রকল্পের কাজ ৬১ ভাগ শেষ হয়েছে।

শনিবার বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউব খননের কাজ ভার্চুয়ালি উদ্বোধনের পর তার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু টানেল দক্ষিণ-পূর্ব এশিয়ার নদীর নিচে প্রথম টানেল। ১০ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবটির খনন কাজ আজই শুরু হয়েছে। এখন পর্যন্ত টানেল প্রকল্পের শতকরা ৬১ ভাগ কাজ শেষ হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম শহর চীনের সাংহাইয়ের মতো 'ওয়ান সিটি টু টাউন' মডেলে গড়ে উঠবে। টানেলের কারণে ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সেতু বিভাগের সচিব মো. বেলায়েত হোসেন, প্রকল্প পরিচালক হারুন উর রশিদসহ প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নৌবাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিরা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়