ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

হেলাল আহমেদ

প্রকাশিত: ১৫:৪৬, ১২ ডিসেম্বর ২০২০
আপডেট: ১৫:৫৫, ১২ ডিসেম্বর ২০২০

ভাটির জন্য উপহার নিয়ে কাল সুনামগঞ্জ যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী

গত অক্টোবরের ১৩ তারিখ করোনা পজিটিভ হয়ে হাসপাতালে ভর্তি হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তবে তার তেমন কোনও শারীরিক সমস্যা না থাকলেও বয়স বিবেচনায় চিকিৎসকের পরামর্শে সিএমএইচে ভর্তি হয়েছিলেন মন্ত্রী। এবার সেই করোনাকে জয় করে সুনামগঞ্জবাসীর জন্য উপহার নিয়ে সুনামগঞ্জে যাচ্ছেন পরিকল্পনামন্ত্রী।

ভাটি অঞ্চল অধ্যুষিত সুনামগঞ্জবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল জাতীয় সংসদে পাস হওয়ার পর আগামীকাল শনিবার (১২ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকায় যাচ্ছেন এম এ মান্নান এমপি।

করোনাজয়ী মন্ত্রীকে স্বাগত জানাতে দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে প্রায় শতাধিক তোরণ। পোস্টার আর ফেস্টুনে ছেয়ে গেছে পুরো জেলা।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি'র ব্যক্তিগত সহকারী হাসনাত হোসেন জানান, করোনা জয় করে মন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। এর মধ্যে রয়েছে ৩ হাজার মোটরসাইকেল ও ৩০০টি মাইক্রোবাস নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শেষ প্রান্ত মনবেগ থেকে পরিকল্পনামন্ত্রীকে নিয়ে শোভাযাত্রা করবে।

পরিকল্পনামন্ত্রীকে স্বাগত জানিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ থেকে সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু পর্যন্ত ১৫০টির বেশি তোরণ নির্মাণ করেছেন নেতাকর্মীরা।

জানা গেছে, পরিকল্পনামন্ত্রী ঢাকা থেকে শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন। সেখানে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হকের সাথে সংক্ষিপ্ত কর্মসূচিতে অংশ নেবেন।

পরে সকাল ১০টার দিকে মন্ত্রী তার গ্রামের বাড়ি দক্ষিণ সুনামগঞ্জের শান্তিগঞ্জের ‘হিজল’ বাসভবনের উদ্দেশে সিলেট ছাড়বেন মন্ত্রী। দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা পরিষদ আয়োজিত শহরের সন্নিকটে আব্দুজ জহুর ব্রিজ সংলগ্ন পশ্চিমের মাঠে (ইজতেমা মাঠ) সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে এক সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন পরিকল্পনামন্ত্রী।

দলীয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় বিল পাস ও করোনামুক্ত হয়ে দীর্ঘদিন পর পরিকল্পনামন্ত্রীর আগমন উপলক্ষে পুরো সুনামগঞ্জ জেলা ও বিশেষ করে তার নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জ এবং জগন্নাথপুরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এদিকে সরকারিভাবেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফীর নেতৃত্বে মাঠে থাকবে মেডিকেল টিম ও ৬টি এম্বুলেন্স।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হেকিম জানান, এম এ মান্নান আমাদের আস্থার প্রতীক। তার প্রতি আমাদের অগাধ বিশ্বাস আর ভালোবাসা কাজ করে। মূলত তাকে কেন্দ্র করেই আমরা এখন দিন-রাত মাঠে কাজ করছি। আমরা আশাবাদী, এম এ মান্নানের যোগ্য নেতৃত্বে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ অনেকদূর এগিয়ে যাবে। এম এ মান্নান জেলাবাসীর জন্য এক আশির্বাদপুষ্ট নাম। আমরা তার প্রতি খুবই আস্থাশীল। তার দিকনির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ অনেকদূর এগিয়ে যাবে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়