ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ১২ ডিসেম্বর ২০২০

বাণিজ্য মন্ত্রণালয়কে সেরা পাবলিক প্রতিষ্ঠানের সম্মাননা

ফাইল ছবি

ফাইল ছবি

ই-কমার্সে বিশেষ অবদান রাখার জন্য এবার ৭ম ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০- এ সেরা পাবলিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়কে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মাল্টিপারপাস হল রুমে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে এ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, চলমান বিশ্ব পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ৩ দিনব্যাপী দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম তথ্য-প্রযুক্তিভিত্তিক উৎসবের ৭ম আসর ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০২০’ অনুষ্ঠিত হয়।

ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনার অংশ হিসেবে ই-কমার্সে দক্ষ জনবল বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘ই-বাণিজ্য করবো নিজের ব্যবসা গড়বো’ প্রকল্পের আওতায় দেশব্যাপী ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ই-কমার্সে দক্ষ জনবল আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখবে। ডিজিটাল কমার্সকে শক্তিশালী করার জন্য তৈরিকৃত ‘বাংলাদেশ ডিজিটাল কমার্স পলিসি ২০১৮’ এর আওতায় বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নীতি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

বর্তমান সময়ে ই-কমার্সের গুরুত্ব অপরিসীম। সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের কাছে ওষুধ ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য পৌঁছে দেয়ার দায়িত্ব পালন করছে ই-কমার্স। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রত্যক্ষ উদ্যোগে ই-কমার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ বছর আমের মৌসুমে অনলাইন আম মেলার আয়োজন করা হয়েছিল এবং এই কর্মসূচি বহুল প্রশংসিত হয়েছিল। বর্তমানে ই-কমার্সের মাধ্যমে ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পেঁয়াজ বিক্রয় কার্যক্রম সফলভাবে চলমান রয়েছে। ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর পরিকল্পনাও এরই মধ্যে নেয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়