ঢাকা, শুক্রবার ২৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ১৩ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫২, ১৩ ডিসেম্বর ২০২০

সিনহা হত্যা মামলা বাতিলের আবেদন খারিজ

ফাইল ছবি

ফাইল ছবি

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলা বাতিল চেয়ে প্রধান আসামি বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর পক্ষে করা রিভিশন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আজ (রবিবার) মামলাটির পূর্ণাঙ্গ শুনানি শেষে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইল এই আদেশ দেন। লিয়াকত আলীর আইনজীবী মাসুদ সালাহ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ।

এই ঘটনায় মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয় জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলার প্রধান আসামি বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী।

মামলাটি ‘বেআইনি ও অবৈধ’ দাবি করে তা বাতিলের জন্য গত ৪ অক্টোবর রিভিশন আবেদন করেন লিয়াকত আলীর আইনজীবী মাসুদ সালাহ উদ্দিন। আদালত আবেদন গ্রহণ করে পূর্ণাঙ্গ শুনানির জন্য ২০ অক্টোবর দিন ধার্য করেন।

শুনানির দিন শারমিন শাহরিয়া ফেরদৌস অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত ১০ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। ১০ নভেম্বর শুনানির দিন আসামি লিয়াকতের আইনজীবী মাসুদ সালাউদ্দিন উদ্দিন অসুস্থ হয়ে পড়লে তারিখ পেছানো হয়। দিন ধার্য করা হয় ১৩ ডিসেম্বর।

রবিবার শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন বলে জানিয়েছেন লিয়াকত আলীর আইনজীবী মাসুদ সালাহ উদ্দীন। বলেন, রিভিশন মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। এই আদেশে আমরা ন্যায়বিচার পাইনি। আদেশ পুনর্বিবেচনার জন্য উচ্চ আদালতে যাব।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়